গ্রেপ্তার আসামি তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের অবসরকালীন ছুটিতে থাকা কারারক্ষীকে গুলি করে হত্যার ঘটনায় গ্রেপ্তার হিমেল আহমেদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল বুধবার দুপুরে গাজীপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, মামলার তদন্ত কর্মকর্তা গাজীপুর জেলা গোয়েন্দা পুলিশের ওসি আমির হোসেন গতকাল আদালতে হিমেলের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। বিচারক ইকবাল মাসুদ শুনানি শেষে তাঁর তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওসি আমির হোসেন বলেন, মামলা করার পরদিন মামলাটি তদন্ত করতে গাজীপুর গোয়েন্দা পুলিশকে দায়িত্ব দেওয়া হয়।
গত সোমবার বেলা সোয়া ১১টার দিকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকের কাছে রুস্তম আলীকে গুলি করে হত্যা করা হয়। ঘটনার দিন রাতেই নিহত রুস্তমের স্ত্রী নাছরিন আক্তার চারজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা চার-পাঁচজনকে আসামি করে মামলা করেন। এদিকে নাছরিন আক্তার স্বামীর লাশ কবর থেকে তুলে গ্রামের বাড়িতে স্থানান্তরের জন্য জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন। জেলা প্রশাসক এস এম আলম বলেন, ‘নিহত ব্যক্তির স্ত্রীর আবেদন পেয়েছি। বিষয়টি দেখার জন্য জেলা ম্যাজিস্ট্রেটকে দায়িত্ব দেওয়া হয়েছে।’