চট্টগ্রাম আদালত প্রাঙ্গণে পুলিশি তল্লাশিকালে ৫৮ লাখ টাকাসহ গ্রেপ্তার ইলিয়াছ ভূঁইয়াকে অর্থ পাচার আইনে দায়ের হওয়া মামলায় জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ড আবেদনের শুনানি হবে আগামী বুধবার।
গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী শুনানির এই দিন ধার্য রাখেন।
দুদকের আইনজীবী মেজবাহ উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, অর্থ পাচার আইনের মামলায় ইলিয়াছ ভূঁইয়াকে জিজ্ঞাসাবাদ করতে সাত দিনের রিমান্ডের আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা দুর্নীতি দমন কমিশন (দুদক) চট্টগ্রামের উপপরিচালক এইচ এম আখতারুজ্জামান। শুনানির দিন ধার্য ছিল গতকাল। কিন্তু হরতালের কারণে শুনানি হয়নি। চট্টগ্রাম বারের নিয়ম অনুযায়ী যে দলের হরতাল ডাকা হোক না কেন, হরতালে কোনো মামলার শুনানিতে অংশগ্রহণ করেন না আইনজীবীরা। তাই রিমান্ড আবেদনের শুনানি না হয়ে আগামী বুধবার দিন ধার্য রাখা হয়।
১৪ অক্টোবর নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য পরিচয়ে অজ্ঞাতনামা এক ব্যক্তি মুঠোফোনে চট্টগ্রাম আদালত ভবন উড়িয়ে দেওয়ার হুমকিতে নিরাপত্তা জোরদার করে পুলিশ। পরে তল্লাশি চালাতে গিয়ে ইলিয়াছকে ওই টাকাসহ আটক করে পুলিশ। এই ঘটনায় নগরের কোতোয়ালি থানার পুলিশ ৫৪ ধারায় ইলিয়াছকে আটক করে। পরে অর্থ পাচার আইনে ইলিয়াছকে আসামি করে মামলা করেন কোতোয়ালি থানার এসআই মো. কামরুজ্জামান।