রাজধানীর খিলগাঁওয়ে এক নারী পুলিশ কনস্টেবলকে ধর্ষণের মামলায় গ্রেপ্তার করা তাঁর সাবেক স্বামী পুলিশের সহকারী উপপরিদর্শককে (এএসআই) তিন দিনের রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত। গতকাল বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা এ আদেশ দেন।
ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক আলম মিয়া গতকাল ওই এএসআইকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। আদালতে দেওয়া প্রতিবেদনে উল্লেখ করা হয়, নারী কনস্টেবলকে ধর্ষণের ঘটনায় এই এএসআইয়ের জড়িত থাকার বিষয়ে প্রাথমিক তথ্য পাওয়া গেছে। ঘটনার সঙ্গে আর কারা জড়িত, তাঁদের বিষয়ে জানতে তাঁকে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
কক্সবাজারের কলাতলী এলাকা থেকে গত বুধবার সকালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের একটি দল ওই এএসআইকে গ্রেপ্তার করে।
মামলা সূত্রে জানা যায়, রাজধানীর একটি থানায় কর্মরত এক নারী কনস্টেবলকে ১২ জুন খিলগাঁওয়ের তিলপাপাড়ার একটি বাসায় নিয়ে ধর্ষণ করেন তাঁর সাবেক স্বামী। এ ঘটনায় পরদিন ওই এএসআইসহ পাঁচজনের বিরুদ্ধে খিলগাঁও থানায় মামলা হয়। তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়। ফরেনসিক পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়।
২০১১ সালে খিলগাঁও থানার সাবেক ওই এএসআইয়ের সঙ্গে ওই নারী কনস্টেবলের বিয়ে হয়। ২০১৪ সালে তাঁদের বিচ্ছেদ হয়।