চট্টগ্রামে জালাল উদ্দিন (৫৫) নামের এক ব্যক্তিকে হত্যার ঘটনায় গ্রেপ্তার মো. কামাল নামের এক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করতে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গতকাল মঙ্গলবার বিকেলে চট্টগ্রাম মহানগর হাকিম হারুন অর রশিদ এই রিমান্ড মঞ্জুর করেন।
পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) চট্টগ্রামের পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা সন্তোষ কুমার চাকমা প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার কামাল প্রাথমিক জিজ্ঞাসাবাদে পূর্বশত্রুতার জেরে জালাল উদ্দিনকে খুন করার কথা স্বীকার করেছেন। তাঁর কাছ থেকে নিহত জালাল উদ্দিনের মুঠোফোন ও মানিব্যাগসহ কাগজপত্র উদ্ধার করা হয়েছে। তাঁর সঙ্গে আর কারা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত, তা জানতে কামালকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত রোববার আগ্রাবাদের বেপারীপাড়া এলাকা থেকে জালাল উদ্দিনের বস্তাবন্দী লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তাঁর ছেলে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে ডবলমুরিং থানায় হত্যা মামলা করেন। গত রোববার দিবাগত রাতে নগরের মাদারবাড়ি এলাকা থেকে কামালকে আটক করে পিবিআই।