গ্রেপ্তার এড়াতে ছাত্রলীগ নেতার লন্ডন পাড়ি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে বাংলা-দেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশ সমাজ-তান্ত্রিক দলের (বাসদ) বিভাগীয় সমাবেশে হামলায় নেতৃত্বদানকারী জেলা ছাত্রলীগের বাতিল কমিটির সভাপতি হিরন মাহমুদ পালিয়ে লন্ডনে চলে গেছেন বলে গুঞ্জন উঠেছে।

সিলেট নগরের কোর্ট পয়েন্টে গত রোববার বিকেলে সিপিবি-বাসদের সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। এ সময় মঞ্চে উঠে ছাত্রলীগ নেতা হিরন মাহমুদসহ অন্যরা সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে লাঞ্ছিত করেন। হামলায় আহত হন সেলিমসহ সিপিবি, বাসদ, ছাত্র ইউনিয়ন ও ছাত্রফ্রন্টের আরও ১৭ নেতা-কর্মী। ওই হামলার ঘটনার দিন রাতেই জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করা হয়। পরদিন কোতোয়ালি থানায় হিরন মাহমুদকে প্রধান আসামি করে মামলা করা হয়। এর পর থেকে তাঁকে আর দেখা যাচ্ছে না।

দলীয় সূত্র জানায়, কমিটি বাতিল ও মামলা হওয়ায় হিরন যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন—এ আশঙ্কা ছড়িয়ে পড়লে সোমবার থেকে তিনি আত্মগোপনে চলে যান। মঙ্গলবার ফেসবুকে তিনি স্ট্যাটাস দেন। এতে তিনি কাউকে না বলে লন্ডন পাড়ি জমানোর বিষয়টি জানান। স্ট্যাটাসে তিনি লিখেছেন, ‘ডিয়ার অল অফ মাই ফ্রেন্ডস, ডিউ টু টাইম আই কুড নট অ্যাবল টু ইনফর্ম দ্যাট আই এম ইন লন্ডন নাও, হোপ উইল মিট সুন...।’

গতকাল ফেসবুকে দেখা গেছে, হিরনের ওই স্ট্যাটাসে লাইক দিয়েছেন ২৩০ জন। কমেন্ট করেছেন ৫৫ জন। তাঁদের প্রায় সবাই কোনো তদন্ত ছাড়াই কেন্দ্র থেকে ছাত্রলীগের জেলা কমিটি বাতিল হওয়ার বিষয়টিকে ‘বিনা নোটিশে কমিটি বাতিল’ বলে মন্তব্য করেন। এ জন্য দুঃখ প্রকাশ করে হিরনের প্রতি সমবেদনা জানান কেউ কেউ।

ছাত্রলীগের একাধিক নেতা-কর্মী লন্ডনে হিরনের পালিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেন। নাম প্রকাশ না করার শর্তে হিরনের পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ ছাত্রলীগের এক নেতা প্রথম আলোকে বলেন, লন্ডনে বেড়ানোর জন্য মাস খানেক আগে তাঁর ভিসা নেওয়া ছিল। শেখ হাসিনার সিলেট সফরের পর যাওয়ার কথা থাকলেও ওই ঘটনার পর গ্রেপ্তার এড়াতে তিনি দেশত্যাগ করেন।

সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নারায়ণ দত্ত বলেন, ‘মামলা হওয়ার পর তদন্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তদন্ত করে আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে। পুলিশ শুধু এ টুকুই জানে—গ্রেপ্তার এড়াতে সব আসামিই আত্মগোপনে রয়েছে।’

হিরনের ফেসবুক স্ট্যাটাসকে গ্রেপ্তার এড়ানোর একটি কৌশল হতে পারে বলে মন্তব্য করেন সিপিবির জেলা কমিটির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন। তিনি বলেন, ‘আমরাও ফেসবুক স্ট্যাটাস দেখেছি। ঘটনার পরপরই সেলিমসহ আমরা হামলাকারীদের দল থেকে বহিষ্কার করে গ্রেপ্তার দাবি করেছিলাম। এ দাবিতে সিলেটে স্বতঃস্ফূর্ত হরতালও হয়। কিন্তু এ অবস্থায় প্রধান আসামি যদি দেশ ছেড়ে পালিয়ে যায় তাহলে সেটি পুলিশ প্রশাসনের ব্যর্থতা ছাড়া আর কিছু নয়।’

এদিকে আসামিদের গ্রেপ্তার দাবি ও পুলিশের নিষ্ক্রিয়তার প্রতিবাদে সিলেটের বাম রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনগুলোকে নিয়ে আজ বৃহস্পতিবার রাতে জরুরি সভা ডাকা হয়েছে।

১৮ জনকে অভিযুক্ত করে এজাহার দাখিল: হামলার ঘটনায় কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শাহাব উদ্দিন সোমবার একটি মামলা করেন। মামলায় হিরনসহ পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৫০-৬০ জনকে আসামি করা হয়। মঙ্গলবার রাতে সিপিবির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাদী হয়ে ১৮ জনকে অভিযুক্ত করে কোতোয়ালি থানায় পৃথক এজাহার দাখিল করেন।