সাতক্ষীরার কলারোয়া উপজেলার দলুইপুর গ্রামের পল্লি চিকিৎসককে কুপিয়ে হত্যা ও পরবর্তী সহিংসতার ঘটনায় গ্রেপ্তার-আতঙ্কে এলাকা পুরুষশূন্য হয়ে পড়েছে। এ ঘটনায় পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।বৃহস্পতিবার বিকেলে সরেজমিনে দলুইপুর গ্রামের গাজীপাড়ায় গিয়ে দেখা গেছে, হত্যাকাণ্ডে জড়িত আসাদুল গাজীসহ তাঁর ভাই আবদুল আলীম, চাচাতো ভাই রবিউল ইসলাম, সফেত আলী, মোহর আলী, নূর ইসলামের আটটি বসতবাড়িসহ ১১টি বাড়ি আগুনে পুড়ে গেছে। দলুইপুর গ্রামের গাজীপাড়ার বেদেনা বেগম, রিজিয়া খাতুন, জামিলা খাতুনসহ কয়েকজন জানান, তাঁদের পাড়ার বাবর আলী গাজীর ছেলে আসাদুল ইসলাম ও যশোর জেলার মনিরামপুর উপজেলার চাকলা (ভরতপুর) গ্রামের পল্লি চিকিৎসক আবদুল মান্নান দেড় বছর আগে মালয়েশিয়ায় যান। সেখানে আসাদুল ও মান্নান একই জায়গায় থাকতেন। ১১ মাস আগে শরীরে বিভিন্ন অংশে ফোসকা দেখা দেওয়ায় আসাদুল বাড়ি চলে আসেন। আবদুল মান্নান খাবারের সঙ্গে পারদজাতীয় কিছু খাওয়ানোর ফলে আসাদুল অসুস্থ হয়ে পড়েছেন—এরকম সন্দেহ হওয়ায় তাঁদের মধ্যে সম্পর্কের অবনতি হয়। একপর্যায়ে স্থানীয়ভাবে মীমাংসা করে দেওয়ায় পর গত ২৫ মার্চ দুপুরে নিমন্ত্রণ খেতে মান্নানের বাড়িতে যান আসাদুল । পরদিন ২৬ মার্চ দুপুরে মান্নানকে নিমন্ত্রণ দিয়ে আসেন আসাদুল। কিন্তু আগের ক্ষোভ মনে রেখে আসাদুল ভাত খাওয়ার সময় মান্নানকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন। ক্ষুব্ধ চাকলা গ্রামবাসী আসাদুল, রবিউলসহ ১১টি বাড়িতে লুটপাট করে আগুন ধরিয়ে দেয়। সাতক্ষীরা সদর (সার্কেল) সহকারী পুলিশ সুপার অহিদুজ্জামান জানান, আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পক্ষ থেকে থানায় কোনো অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলেই মামলা রেকর্ড করা হবে।