গ্রেপ্তার এড়াতে বিএনপির নেতা-কর্মীরা এলাকাছাড়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের মধ্যে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার এড়াতে চার দিন ধরে তাঁরা এলাকায় থাকছেন না। গত বুধবার রাতে দলটির শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা করে পুলিশ।
পুলিশ জানায়, বুধবার বেলা সাড়ে তিনটার দিকে উপজেলা সদরের সিঙ্গাপুর প্লাজা এলাকায় উপজেলা ও পৌর বিএনপি সমাবেশ করে। এ সময় বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীরা রাস্তায় চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেন। সেখানে গেলে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেন। এ ঘটনায় ওই দিন রাত ১০টার দিকে থানার এসআই তপন চন্দ্র দাস বিশেষ ক্ষমতা আইনে উপজেলা ও পৌর বিএনপি এবং উপজেলা ছাত্রদলের ৪৫ জন নেতা-কর্মীর নাম উল্লেখসহ শতাধিক নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন। পুলিশ ওই দিনই পৌর বিএনপির দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মিজানুর রহমান ও সদস্য নূরে আলমকে গ্রেপ্তার করে।
উপজেলা বিএনপির সভাপতি এমদাদ হোসেন খান বলেন, বুধবার বিকেলে তাঁরা শান্তিপূর্ণ সমাবেশ করছিলেন। পুলিশ সেখানে গিয়ে দলের নেতা-কর্মীদের লাঠিপেটা করে সমাবেশ পণ্ড করে দেয়। এরপর শতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে ঢালাওভাবে মামলা করে পুলিশ। বিএনপি ও ছাত্রদলের নেতা-কর্মীদের পুলিশ নানাভাবে হয়রানি করছে। রাতে তাঁদের বাসায় গিয়ে পুলিশ তল্লাশি চালাচ্ছে। এতে নেতা-কর্মীদের মধ্যে গ্রেপ্তার-আতঙ্ক বিরাজ করছে। গ্রেপ্তার এড়াতে বুধবার রাত থেকে তাঁরা এলাকাছাড়া।
মতলব দক্ষিণ থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, পুলিশের অনুমতি না নিয়ে সমাবেশ এবং রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় বিএনপির এসব নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা করা হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার এড়াতে তাঁরা গা-ঢাকা দিয়েছেন। নিরপরাধ কাউকে হয়রানি করা হচ্ছে না।