গ্রেপ্তার এড়িয়ে সাক্ষ্য দিলেন লিমন হত্যা চেষ্টা মামলার আসামি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লিমন হত্যাচেষ্টা মামলার আসামি র‌্যাবের উপসহকারী পরিচালক (ডিএডি) লুৎফর রহমানকে খুঁজে পাচ্ছেন না রাজাপুর থানার পুলিশ। অথচ গতকাল বুধবার ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে অস্ত্র মামলায় সাক্ষ্য দেন তিনি।এভাবে হত্যাচেষ্টা মামলার আসামির সাক্ষ্য দেওয়ার ব্যাপারে জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম তালুকদার প্রথম আলোকে বলেন, ‘লিমন হত্যাচেষ্টা মামলার আসামি ডিএডি লুৎফর রহমান আদালতে সাক্ষ্য দিতে এসেছিলেন কি না, তা আমি জানি না।’ডিএডি লুৎফর রহমান অবশ্য এ নিয়ে কোনো মন্তব্য করতে চাননি।লিমনের মা হেনোয়ারা বেগম অভিযোগ করে বলেন, ‘আমার ছেলেকে গুলি করা মামলার আসামি আদালতে আইয়্যা প্রকাশ্যে সাক্ষী দিয়া গেল, পুলিশ কেউ হেরে ধরল না, এডা কেমন আইন? ’গত ২৩ মার্চ বিকেলে র‌্যাবের গুলিতে পা হারায় ঝালকাঠির কলেজছাত্র লিমন। এ ঘটনায় তার মা বাদী হয়ে ১০ এপ্রিল ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে একটি নালিশি অভিযোগ করেন। আদালতের নির্দেশে ২৬ এপ্রিল রাজাপুর থানার পুলিশ বরিশাল র‌্যাব-৮-এর উপসহকারী পরিচালক লুৎফর রহমানসহ ছয়জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা করে। তবে মামলার দুই মাস পরও থানার পুলিশ আসামিদের কাউকে গ্রেপ্তার করেনি।আদালত সূত্র জানায়, গতকাল বুধবার ঝালকাঠির যুগ্ম জেলা ও দায়রা জজ আদালতে একটি মামলার সাক্ষ্য দিতে আসেন লুৎফর রহমান। ঝালকাঠির শেখেরহাট ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান স্বপনের দোকান থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে দাবি করে গত ১৮ জানুয়ারি র‌্যাব এ মামলা করে। গতকাল লুৎফর রহমানকে জেরা করেন আসামির আইনজীবী আবদুর রশীদ সিকদার। জেরার সময় তিনি লিমনকে গুলি করার প্রসঙ্গও উল্লেখ করেন।সুপ্রিম কোর্টের আইনজীবী মো. রিয়াজ উদ্দিন খান বলেন, ‘হত্যাচেষ্টা মামলার আসামিকে বিনা পরোয়ানায় গ্রেপ্তার করা যায়। তবে থানা পুলিশ গ্রেপ্তার না করলে মামলার বাদী পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ করতে পারেন।’