গ্রেপ্তার করা দুজন পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীলাদ্রি হত্যা মামলা
নীলাদ্রি হত্যা মামলা

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যার ঘটনায় জড়িত সন্দেহে গ্রেপ্তার করা কাউসার হোসেন খান ও কামাল হোসেনকে গতকাল শুক্রবার পাঁচ দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।
দুপুরে তাঁদের দুজনকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডে নেওয়ার আবেদন করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। আদালত পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার কামাল হোসেন (বাঁয়ে) ও কাউছার হোসেন খান l ছবি: প্রথম আলো |
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার কামাল হোসেন (বাঁয়ে) ও কাউছার হোসেন খান l ছবি: প্রথম আলো |

গত বৃহস্পতিবার মিরপুর ১০ নম্বর ও দোলাইর পাড় থেকে কাউসার ও কামালকে গ্রেপ্তার করা হয়। এই দুজনসহ নীলাদ্রি হত্যার ঘটনায় এ পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।
মামলার তদন্ত-সংশ্লিষ্ট সূত্র বলেছে, এর আগে গ্রেপ্তার করা সাদ আল নাহিয়ান ও মাসুদ রানাকে দুই দফায় রিমান্ডে নিয়েও তাঁদের কাছে নীলাদ্রি হত্যা সম্পর্কে সুনির্দিষ্ট কোনো তথ্য পাওয়া যায়নি। তবে তদন্তকারীদের ধারণা, নীলাদ্রি হত্যাকাণ্ড সম্পর্কে নাহিয়ানের কাছে গুরুত্বপূর্ণ তথ্য থাকতে পারে। সে জন্য তাঁকে দুই দফায় রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তবে তথ্য পাওয়া যায়নি। ঢাকার বাইরে বিভিন্ন জেলায় সন্দেহভাজন কয়েকজনকে ধরতে অভিযান চালানো হয়েছে। রিমান্ডে নাহিয়ান ও মাসুদের দেওয়া তথ্যের ভিত্তিতে কাউসার ও কামালকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিবির সূত্র বলেছে, ব্লগার আসিফ মহিউদ্দিন হত্যাচেষ্টায় নাহিয়ানের অংশ নেওয়ার বিষয়টি অনেকটাই নিশ্চিত হয়েছেন তাঁরা। এ কারণে নীলাদ্রি হত্যার বিষয়ে তাঁর কাছে তথ্য থাকার বিষয়টি উড়িয়ে দেওয়া যাচ্ছে না। নাহিয়ান ও মাসুদকে তৃতীয় দফায় দুই দিনের রিমান্ডে নেওয়া হয়েছে গতকাল।
নীলাদ্রি হত্যা মামলার তদন্ত কর্মকর্তা ডিবির সহকারী কমিশনার ইকবাল হোছাইন বলেন, নাহিয়ান ও মাসুদকে তৃতীয় দফায় রিমান্ডে নিয়ে আরও তথ্য জানার চেষ্টা করা হবে।
৭ জুলাই দুপুরে পূর্ব গোড়ানের ভাড়া বাসায় ব্লগার নীলাদ্রিকে কুপিয়ে হত্যা করে চার দুর্বৃত্ত। এ ঘটনায় ওই দিন রাতে তাঁর স্ত্রী আশা মনি অজ্ঞাত চারজনকে আসামি করে খিলগাঁও থানায় হত্যা মামলা করেন।