গ্রেপ্তার করে আন্দোলন দুর্বল করা যাবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ তিন নেতাকে কারাগারে পাঠানোর ঘটনাকে সরকারের ‘চরম প্রতিহিংসামূলক জুলুম-নির্যাতনের বহিঃপ্রকাশ’ আখ্যা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। গতকাল রোববার এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।
বিবৃতিতে খালেদা জিয়া বলেন, কেন্দ্রীয় নেতাদের ‘মিথ্যা’ মামলা দিয়ে, গ্রেপ্তার করে চলমান আন্দোলনকে দুর্বল করা যাবে না। বরং সংগ্রামী জনগণ ‘অবৈধ সরকারের’ সব অনাচারের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত হচ্ছে।
গতকাল দুপুরে ঢাকার একটি আদালত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব আবদুস সালামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
বিবৃতিতে খালেদা জিয়া মন্তব্য করেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলার অপরাধেই বিএনপির তিন নেতাকে জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে।
খালেদা জিয়া বলেন, ‘আমরা এক অদ্ভুত হীরক রাজার দেশে বাস করছি, যেখানে এক ব্যক্তির খেয়ালখুশিতেই দেশ চলছে, যেখানে সত্যের পক্ষে কথা বলার কোনো অধিকার কারও নেই।...কেন্দ্রীয় নেতাদের পালাক্রমে আটকে রেখে তারা তাদের সিংহাসন অবৈধভাবে আঁকড়ে থাকতে চাচ্ছে।’
বিএনপির চেয়ারপারসন বলেন, জনদৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। অবিলম্বে ওই তিন নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন খালেদা জিয়া।