গ্রেপ্তার করে আন্দোলন দুর্বল করা যাবে না: খালেদা

দলের ভারপ্রাপ্ত মহাসচিবসহ তিন নেতাকে কারাগারে পাঠানোর ঘটনাকে সরকারের ‘চরম প্রতিহিংসামূলক জুলুম-নির্যাতনের বহিঃপ্রকাশ’ বলে অভিহিত করেছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
বিএনপির চেয়ারপারসন বলেন, কেন্দ্রীয় নেতাদের বিরুদ্ধে ‘মিথ্যা’ মামলা দিয়ে, গ্রেপ্তার করে চলমান আন্দোলনকে দুর্বল করা যাবে না। বরং সংগ্রামী জনগণ ‘অবৈধ সরকারের’ সব অনাচারের বিরুদ্ধে প্রবল প্রতিরোধ গড়ে তুলতে প্রস্তুত হচ্ছে।
আজ রোববার এক বিবৃতিতে খালেদা জিয়া এসব কথা বলেন।
আজ দুপুরে ঢাকার একটি আদালত বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব আবদুস সালামকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
এ ঘটনার নিন্দা জানিয়ে খালেদা জিয়া বলেন, ‘আমরা এক অদ্ভুত হীরক রাজার দেশে বাস করছি, যেখানে এক ব্যক্তির খেয়ালখুশিতেই দেশ চলছে, যেখানে সত্যের পক্ষে কথা বলার কোনো অধিকার কারও নেই। বর্তমান অবৈধ শাসকগোষ্ঠী প্রতিনিয়ত বিরোধী দলের নেতা-কর্মীদের বেছে বেছে গুম, খুন ও পাইকারি হারে গ্রেপ্তারের মধ্য দিয়ে গোটা দেশকেই এক ভয়ংকর বন্দিশালায় পরিণত করেছে। কেন্দ্রীয় নেতাদের পালাক্রমে আটকে রেখে তারা তাদের সিংহাসনকে অবৈধভাবে আঁঁকড়ে থাকতে চাচ্ছে।’
স্বাধীনতা ও সার্বভৌমত্বের পক্ষে কথা বলার অপরাধেই বিএনপির তিন নেতাকে জামিন বাতিল করে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি করেন খালেদা জিয়া।
খালেদা জিয়া বলেন, অগণতান্ত্রিক, জনবিরোধী, মানবতাবিরোধী কর্মকাণ্ডের মাধ্যমে সরকার জনগণ থেকে অনেক দূরে সরে গেছে। জনরোষ থেকে বাঁচতে, জনদৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করতেই তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু বিএনপিকে ধ্বংস করতে বর্তমান অবৈধ সরকারের মহাপরিকল্পনা কখনোই আলোর মুখ দেখবে না।
তিনি অবিলম্বে ওই তিন নেতার নিঃশর্ত মুক্তি দাবি করেন।