ছয় মাস আগের কথা। চট্টগ্রাম নগরের বহদ্দারহাট এলাকা থেকে মাদকসহ এক নারীকে হাতেনাতে গ্রেপ্তার করে পুলিশ। আদালত ওই নারীকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। ২৪ দিন পর কারাগার থেকে জামিনে ছাড়া পান আসামি। এর মধ্যে চলতে থাকে মামলার তদন্ত। এ পর্যন্ত সব ঠিকই ছিল।
চলতি মাসের ১০ মে আসামিকে মামলা থেকে অব্যাহতি দিতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে পুলিশ। এর কারণ হিসেবে পুলিশ যুক্তি দেখিয়েছে, গ্রেপ্তারের পর আসামি সঠিক নাম-ঠিকানা বলেননি। তদন্তেও তা বের করা যায়নি। তবে আসামিকে মাদকসহ গ্রেপ্তারের ঘটনাটি সত্য।
অথচ এই মামলার বাদী পুলিশ। মামলার এজাহারে আসামির নাম লেখা সখিনা বেগম। এই নামেই আদালত থেকে জামিন পান তিনি। এখন আর আসামিকে খুঁজে পাচ্ছে না পুলিশ।
আদালত ও পুলিশ সূত্র জানায়, ২০১৬ সালের ১৩ নভেম্বর চট্টগ্রামের চান্দগাঁও থানার বহদ্দারহাট এলাকার মাইক্রোস্ট্যান্ডের সামনে থেকে এক নারীকে (৩২) আটক করে পুলিশ। তখন তাঁর কোলে পাঁচ বছর বয়সী একটি শিশু ছিল। ওই নারীর সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে দুই কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। এই অভিযান পরিচালনা করেন চান্দগাঁও থানার উপপরিদর্শক (এসআই) লিটন চন্দ্র রায়। মামলার বাদীও তিনি।
এসআই লিটন চন্দ্র রায় প্রথম আলোকে বলেন, গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে ওই নারী বলেন, তাঁর নাম সখিনা বেগম। স্বামীর নাম নুর আলম। কক্সবাজার জেলা সদরের বাংলা বাজার এলাকায় তাঁর বাড়ি। এজাহারে তাই লেখা হয়েছে।
মামলাটি তদন্তের দায়িত্ব পান চান্দগাঁও থানার আরেক এসআই। নাম এ এফ এম জিয়াউল হুদা। তিনি আসামি সখিনার সঠিক নাম-ঠিকানা যাচাইয়ের জন্য কক্সবাজার জেলার সদর থানায় গত বছরের ১৪ নভেম্বর যোগাযোগ করেন। সেখান থেকে তাঁকে জানানো হয় নাম-ঠিকানা সঠিক নয়। এরপর ৩০ নভেম্বর আসামিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আবেদন করেন তদন্ত কর্মকর্তা। ৫ ডিসেম্বর আদালত আসামিকে জিজ্ঞাসাবাদের অনুমতি দেন। ছয় দিন পর ১২ ডিসেম্বর তদন্ত কর্মকর্তা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আসামি সখিনাকে জিজ্ঞাসাবাদ করতে যান। তখন কারা কর্তৃপক্ষ তাঁকে জানায়, আসামি ৭ ডিসেম্বর জামিনে মুক্তি পেয়েছেন।
আদালত সূত্র জানায়, ১৪ ডিসেম্বর চট্টগ্রাম আদালতে মাদকের এই মামলার ধার্য দিন ছিল। জামিনে থাকা আসামি সখিনারও আদালতে হাজির হওয়ার নির্দেশ ছিল। তদন্ত কর্মকর্তা তাঁর সঙ্গে কথা বলতে আদালতে যান। কিন্তু আসামি সেদিন হাজির হননি। আসামির নাম-ঠিকানা সঠিক না থাকার বিষয়টি লিখিতভাবে আদালতকে জানান তদন্ত কর্মকর্তা। আদালত আসামিকে ২০ ডিসেম্বর হাজির করতে তাঁর আইনজীবীকে নির্দেশ দেন। কিন্তু সেদিনও হাজির হননি আসামি। এরপর আসামির বিরুদ্ধে পরোয়ানা জারি করেন আদালত।
তদন্ত কর্মকর্তা জিয়াউল হুদা বলেন, আসামির ঠিকানা খুঁজে বের করতে সব চেষ্টাই করেছেন তিনি। ঠিকানা না পাওয়ায় আসামিকে অব্যাহতি দিতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছেন তিনি।
আসামির আইনজীবী সুমন কান্তি নাথ প্রথম আলোকে বলেন, তাঁর কাছে এক লোক এসে ওই নারীর জামিন আবেদন করার অনুরোধ করেন। আসামির জামিন হওয়ার পর থেকে সেই লোকের হদিস পাওয়া যাচ্ছে না। তাঁর মুঠোফোনও বন্ধ। আসামিরও খোঁজ নেই।
এ বিষয়ে চট্টগ্রাম মহানগর সরকারি কৌঁসুলি মো. ফখরুদ্দিন চৌধুরী বলেন, মাদকসহ আসামি গ্রেপ্তার করার মামলায় চূড়ান্ত প্রতিবেদন দিতে পারে না পুলিশ। সঠিক নাম-ঠিকানা পুলিশকেই খুঁজে বের করতে হবে। আসামিকে গ্রেপ্তারের সঙ্গে সঙ্গেই পুলিশ আসামির বলা ঠিকানা সঠিক কি না, তা যাচাই-বাছাই করতে পারত। পুলিশের দেওয়া চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ থেকে নারাজি আবেদন করা হবে।