পাবনার ঈশ্বরদীর পাকশী পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) সুজাউল ইসলাম হত্যা মামলায় গ্রেপ্তার চারজনকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গত ৮ অক্টোবর তাঁদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেছিল পুলিশ।
গতকাল রোববার দুপুরে পাবনার জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের (আমলি আদালত-২) বিচারক রেজাউল করিম এ নিয়ে শুনানি শেষে রিমান্ড মঞ্জুর করেন।
রিমান্ডে নেওয়া যুবকেরা হলেন পাকশী ইউনিয়নের যুক্তিতলা গ্রামের খোকন হোসেন (৩২), বাঘইল পশ্চিমপাড়া গ্রামের জনি প্রামাণিক (২১), ঠাকুরপাড়া গ্রামের মাসুদ রানা (২৫) এবং পাকশী বাবুপাড়া গ্রামের রাজীব হাসান ওরফে সেতু (২৫)।
গত ৫ অক্টোবর সকালে ঈশ্বরদীর পাকশী স্টেশন এলাকা থেকে এএসআই সুজাউলের হাত-পা ও মুখ বাঁধা লাশ উদ্ধার করে পুলিশ।
ঈশ্বরদী থানার ওসি বিমান কুমার দাশ বলেন, ‘আশা করি, রিমান্ডে আসামিদের কাছ থেকে হত্যার ঘটনা সম্পর্কে প্রয়োজনীয় তথ্য পাওয়া যাবে।’