
সুপ্রিম কোর্ট চত্বর থেকে ভাস্কর্য সরানোর প্রতিবাদে বিক্ষোভ করার সময় ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক লিটন নন্দীসহ গ্রেপ্তার চারজনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। আজ ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার এ আদেশ দেন। তাঁদের বিরুদ্ধে পুলিশের কর্তব্যকাজে বাধা ও পুলিশকে হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা ১৪০ থেকে ১৫০ জনকে আসামি করা হয়েছে।
এর আগে জামিনের শুনানিতে আসামিপক্ষের আইনজীবী সোহেল আহমেদ আদালতকে বলেন, এই মামলার আরিফ নামের এক আসামি হৃদ্রোগে আক্রান্ত। তাঁর হৃদ্যন্ত্রে রিং পরানো রয়েছে। আরেক আসামি আল আমিন হোসেন জয়ের বয়স ১৮ বছরের কম। পরে আদালত আগামীকাল ওই আবেদনের পূর্ণাঙ্গ শুনানির দিন ধার্য করেন।
এই মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) মির্জা বদরুল হাসান ওই চারজনকে আদালতে হাজির করে প্রতিবেদন দেন। প্রতিবেদনে বলা হয়েছে, আসামিরা ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসা রোগী বহনকারী অ্যাম্বুলেন্স এবং সাধারণ নাগরিকদের যানবাহন চলাচলে বাধা দেন। পুলিশ তাঁদের সরে যাওয়ার নির্দেশ দেয়। কিন্তু তাঁরা এ নির্দেশ উপেক্ষা করে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করতে থাকেন। এতে পুলিশের সদস্যরা গুরুতর জখম হন।
ভাস্কর্য সরানোর প্রতিবাদে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় গতকাল শুক্রবার দুপুরের দিকে ছাত্র ইউনিয়ন, অনলাইন অ্যাকটিভিস্ট ও ব্লগার, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, উদীচী শিল্পীগোষ্ঠী, গণজাগরণ মঞ্চ, ছাত্র-শিক্ষক-লেখক-শিল্পী-সাংস্কৃতিক কর্মী, নাগরিকেরাসহ বিভিন্ন সংগঠন বিক্ষোভ মিছিল বের করে। পুলিশ কাঁদানে গ্যাস ও রঙিন পানি ছিটিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে আহত হন ১০ জন।
সুপ্রিম কোর্টের মূল চত্বর থেকে সরিয়ে ভাস্কর্যটি এখন ত্রিপলে মুড়িয়ে সুপ্রিম কোর্টের বর্ধিত ভবনের পেছন দিকে রাখা হয়েছে।
ন্যায়বিচারের প্রতীক হিসেবে গত বছরের ডিসেম্বরের তৃতীয় সপ্তাহে সুপ্রিম কোর্টে প্রবেশের মূল ফটক বরাবর লিলি ফোয়ারায় ভাস্কর্যটি বসানো হয়। দেড় মাসের মাথায় এটিকে গ্রিক দেবীর মূর্তি দাবি করে অপসারণের জন্য সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের দপ্তরে লিখিত আবেদন জানান আওয়ামী ওলামা লীগের সাধারণ সম্পাদক আবুল হাসান শেখ শরীয়তপুরী। এরপর ৬ ফেব্রুয়ারি হেফাজতের আমির শাহ আহমদ শফী বিবৃতি দিয়ে ভাস্কর্যটি অপসারণের দাবি জানান। দাবি আদায় না হলে তাঁরা কঠোর আন্দোলনের হুমকি দেন। হেফাজতের সর্বশেষ বিবৃতিতে রমজান মাস শুরু হওয়ার আগেই ভাস্কর্যটি অপসারণের দাবি জানানো হয়।
আরও পড়ুন:
গ্রেপ্তার চারজন আদালতে, আসামি ১৪০