চট্টগ্রামের হালিশহরে একটি বাসা থেকে বোমা ও বিস্ফোরক উদ্ধারের ঘটনায় জঙ্গি সন্দেহে গ্রেপ্তার এক নারীসহ চারজনকে সাত দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মশিউর রহমান চৌধুরী পুলিশের রিমান্ড আবেদনের শুনানি শেষে এ আদেশ দেন।
নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (প্রসিকিউশন) কাজী মুত্তাকী ইবনু মিনান জানান, গ্রেপ্তার চার জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করতে দশ দিনের রিমান্ডের আবেদন করে হালিশহর থানা-পুলিশ। আদালত সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত শনিবার হালিশহরের বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১৫০ কেজি বিস্ফোরক, ৭৬টি তাজা বোমা, প্রশিক্ষণের সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করে র্যা ব-৭। তারা হলো ফয়জুল হক, তার বোন রহিমা আক্তার, তাদের বড় বোনের ছেলে জাহেদুল্লাহ ও অটোরিকশার চালক আবদুল হাই। এ ঘটনায় র্যা ব-৭-এর উপসহকারী পরিচালক গোলাম রব্বানী বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার চারজনসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করেন। পলাতক রয়েছে আসামি পারভেজ। অন্য আরেকটি মামলায় দুই মাস ধরে চট্টগ্রাম কারাগারে রয়েছে আসামি আজিজুল হক।