গ্রেপ্তার চারজনকে রিমান্ডে চেয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফাইল ছবি
ফাইল ছবি

রাজধানীর রামপুরার বনশ্রী থেকে ১০ শিশু উদ্ধার হওয়ার ঘটনায় গ্রেপ্তার চারজনকে সাত দিন করে রিমান্ডে চেয়েছে পুলিশ। আজ রোববার তাঁদের সঙ্গে ১০ শিশুকেও আদালতে হাজির করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, আরিফুর রহমান (২৪), হাসিবুল হাসান ওরফে সবুজ (১৯), জাকিয়া সুলতানা (২২) ও ফিরোজ আলম খান ওরফে শুভ (২১)। মানবপাচার প্রতিরোধ ও দমন আইনে করা একটি মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে।
রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান তরফদার প্রথম আলোকে এ কথা জানিয়েছেন।
রামপুরা থানা সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে মনির হোসেন নামে এক ব্যক্তি থানায় এসে অভিযোগ করেন, ছয় মাস ধরে নিখোঁজ তাঁর ভাতিজা মোবারক হোসেনকে (১৪) বনশ্রী সি ব্লকের ১০ নম্বর সড়কের এক বাসায় আটকে রাখা হয়েছে। পুলিশ দুপুরে ওই বাসায় অভিযান চালিয়ে মোবারকসহ ১০টি শিশুকে উদ্ধার করে। অন্য নয়জন হলো- আবদুল্লাহ আল মামুন (১১), মো. বাবলু (১০), মো. আব্বাস (১০), মো. স্বপন (১১), মো. আকাশ (৯), মান্না ইব্রাহিম আলী (১০), মো. রাসেল (১৪), মো. রফিক (১৪) ও মো. ফরহাদ (৯)।