গ্রেপ্তার ছয়জন দুই দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাবনার সাঁথিয়া উপজেলার করমজা হাটে শিশু অপহরণকারী সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহতের ঘটনায় গ্রেপ্তার ছয়জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-৩-এর বিচারক এ কে এম রওশন জাহান উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন।
সাঁথিয়া থানার পরিদর্শক (তদন্ত) আবুল কাশেম বলেন, ঘটনার পর থেকে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের ধরতে অভিযান চালানো হয়। গত রোববার ঘটনার ভিডিও চিত্র দেখে ছয়জনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁদের আদালতে পাঠানো হয়। অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য পরদিন সোমবার আদালতের কাছে পাঁচ দিনের রিমান্ড আবেদন করা হয়। আসামিদের পক্ষেও জামিনের আবেদন করা হয়েছিল। গতকাল আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন আবেদন নাকচ করে ছয়জনের দুই দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার করমজা সরদারপাড়া গ্রামের খোকন সরদার (৩২), আহসান হাবীব (২৫), সুজন দাশ (১৮), বিশু চন্দ্র দাশ (২৭) ও লিটন দাশ (২০) এবং বেড়া পৌর সদরের দত্তকান্দি মহল্লার আবু বক্কার সিদ্দিক (১৬)।
২৫ আগস্ট দুপুর ১২টার দিকে সাঁথিয়া হাট চলাকালে হঠাৎ করে চার-পাঁচজন ভিড়ের মধ্য থেকে তিন ব্যক্তির শার্টের কলার ধরে টানতে শুরু করেন এবং ‘ছেলেধরা’ বলে চিৎকার করতে থাকেন। কিছুক্ষণের মধ্যে সেখানে কয়েক শ মানুষের ভিড় জমে যায়। ক্ষিপ্ত জনতা কাঠের গুঁড়ি, লাঠি ও কংক্রিটের টুকরা দিয়ে তাঁদের মাথাসহ শরীরের বিভিন্ন অংশ থেঁতলে দেয়। এতে ঘটনাস্থলেই দিনাজপুর কোতোয়ালি থানার পশ্চিম শিবরামপুর গ্রামের আসলাম হোসেন (৪৫), নাটোর সদর উপজেলার লক্ষ্মীপুর খোলাবাড়িয়া গ্রামের আলাউদ্দিন হোসেন (৫০) ও বগুড়ার কাঞ্চন কলোনির আবু বক্কর (৫৫) নিহত হন। সেদিন রাতেই নিহত আলাউদ্দিন হোসেনের বড় ভাই রানা হোসেন বাদী হয়ে অজ্ঞাত দুই থেকে তিন হাজার লোককে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।