গ্রেপ্তার টাক্কাবালী মারা গেছেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুন্টা গ্রামের বাসিন্দা, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এমদাদুল হক ওরফে টাক্কাবালী (৭৫) গত সোমবার রাত দেড়টার দিকে মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
৭ জানুয়ারি ভোরে রাজধানীর কাফরুল থানা এলাকা থেকে গ্রেপ্তার হওয়ার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন টাক্কাবালী। আগের দিন ৬ জানুয়ারি তাঁকে গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির আবেদন করে রাষ্ট্রপক্ষ। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা জানায়, চলতি বছরই তাঁর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তদন্ত শুরু হয়েছিল।
টাক্কাবালীর মেজো ছেলে মোকাম্মেল হক গতকাল মঙ্গলবার বিকেলে মুঠোফোনে প্রথম আলোকে বলেন, দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর বাবার মরদেহের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে। আজ বুধবার সকালে চুন্টা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।