কিশোরগঞ্জের শোলাকিয়ায় ঈদুল ফিতরের দিন জঙ্গি হামলায় সন্দেহভাজন ব্যক্তি হিসেবে গ্রেপ্তার জাহিদুল হক ওরফে তানিম এবং র্যা বের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হওয়া এই মামলার প্রধান আসামি শফিউল ইসলামের আশ্রয়দাতা আনোয়ার হোসেনকে গতকাল বুধবার আদালতে হাজির করা হয়েছে।
শোলাকিয়া হামলা মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ মুর্শেদ জামান জানান, সকালে পুলিশ কড়া পাহারায় কিশোরগঞ্জ কারাগার থেকে তানিম ও আনোয়ারকে জেলা আদালতে হাজির করে। এ সময় মুখ্য বিচারিক হাকিম আ. ছালাম খান তাঁদের আগামী ৯ অক্টোবর পরবর্তী হাজিরার তারিখ দিয়ে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। পরে আনোয়ারকে আরেকটি মামলায় হাজিরা দেওয়ার জন্য কড়া পুলিশ পাহারায় তাঁর নিজ জেলা গাইবান্ধার আদালতে নেওয়া হয়।
গত ৭ জুলাই ঈদুল ফিতরের দিন সকালে শোলাকিয়া ঈদগাহের অদূরে আজিম উদ্দিন উচ্চবিদ্যালয়ের পাশে তল্লাশিচৌকিতে পুলিশের ওপর হামলা চালায় জঙ্গিরা। ওই ঘটনায় পুলিশের দুই সদস্য, স্থানীয় এক গৃহবধূ ও এক জঙ্গি নিহত হয়।