গ্রেপ্তার তিন আইনজীবী চার দিনের রিমাণ্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘শহীদ হামজা ব্রিগেড’ নামের নতুন জঙ্গি সংগঠনে অর্থ জোগান দেওয়ার অভিযোগে গ্রেপ্তার তিন আইনজীবীর চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সন্ধ্যায় তাঁদের রিমান্ডে নেওয়ার আদেশ দেওয়া হয়।

এই তিন আইনজীবী হলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির তথ্য ও গবেষণা সম্পাদক এবং চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ব্যারিস্টার শাকিলা ফারজানা, সুপ্রিম কোর্টের আইনজীবী মো. হাসানুজ্জামান ও ঢাকা জজ কোর্টের আইনজীবী মাহফুজ চৌধুরী ওরফে বাপন।
গতকাল মঙ্গলবার রাতে র‍্যাব-৭ রাতে ধানমন্ডি থেকে তাঁদের গ্রেপ্তার করে।

আজ সন্ধ্যায় বাঁশখালী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাজ্জাদ হোসেন গ্রেপ্তারকৃত তিনজনের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। র‌্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক সোহেল মাহমুদ প্রথম আলোকে বলেন, গত ফেব্রুয়ারি মাসে বাঁশখালী থানায় দায়ের করা একটি মামলায় তাঁদের সাত দিনের রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হয়। শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। তাঁদের পতেঙ্গায় র‌্যাব-৭ কার্যালয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয়েছে।

র‌্যাব-৭ চট্টগ্রামের অধিনায়ক লে. কর্নেল মিফতাহ উদ্দিন আহমেদ আজ দুপুরে সংবাদ সম্মেলনে বলেন, গ্রেপ্তারকৃত তিনজনই জঙ্গি সংগঠনটির অর্থের জোগানদাতা বলে স্বীকার করেছেন। তাঁদের এ অর্থ কে দিয়েছে, এর পেছনে কারা জড়িত তা রিমান্ডে জিজ্ঞাসাবাদে জানা যাবে। তিনি দাবি করেন, র‍্যাব জানতে পেরেছে তাঁদের একজন ‘বড় ভাই’ আছেন। এ ছাড়া ব্রিগেডের অনেক সদস্য এখনো পলাতক। অর্থের জোগানদাতা হিসেবে দুবাইয়ের এক নাগরিকের কথাও জেনেছেন তাঁরা।