গ্রেপ্তার তিন আসামি সাত দিনের রিমান্ডে
মাদারীপুরে নির্যাতনের পর দুই স্কুলছাত্রী হত্যা মামলায় গ্রেপ্তার তিন আসামিকে সাত দিন করে পুলিশ রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
মাদারীপুরের ভারপ্রাপ্ত মুখ্য বিচারিক হাকিম মুহাম্মদ জাকারিয়ার আদালত আজ শনিবার এই আদেশ দেন। এর আগে মামলার তদন্ত কর্মকর্তা পরিদর্শক শাহজাহান মিয়া তিন আসামি রকিব শিকদার, শিপন শিকদার ও রফিক শিকদারকে আদালতে হাজির করে ১০ দিন করে রিমান্ডের আবেদন করেন। শুনানি শেষে আদালত প্রত্যেকের সাত দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
নিহত দুই স্কুলছাত্রীর স্বজনেরা শুরু থেকে ধর্ষণের পর হত্যার অভিযোগ করে আসছেন। কিন্তু হত্যাকাণ্ডের এক দিন পর গতকাল শুক্রবার মামলা হলেও ধর্ষণের অভিযোগ নেয়নি পুলিশ। স্বজনদের অভিযোগ, হত্যাকাণ্ডের পর মামলা করতে গেলে পুলিশ রাতভর তাঁদের থানায় আটকে রাখেন।
মাদারীপুর জেলা পুলিশ এই অভিযোগ অস্বীকার করে বলেছে, প্রাথমিক তদন্তে জানা গেছে মেয়ে দুটির পূর্বপরিচিত তরুণেরা পরিকল্পিতভাবে বিষমিশ্রিত কোমল পানীয় পান করিয়ে তাদের হত্যা করেছে। ধর্ষণের আলামত না পাওয়ায় এ অভিযোগটি মামলায় অন্তর্ভুক্ত করা হয়নি।
গত বৃহস্পতিবার মাদারীপুরের মস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির দুই ছাত্রী সুমাইয়া আক্তার ও হ্যাপি আক্তারকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। গতকাল দুপুরে ময়নাতদন্ত শেষ হলে সুমাইয়ার বাবা বিল্লাল শিকদার বাদী হয়ে সাতজনকে আসামি করে সদর থানায় হত্যা মামলা করেন। তাঁদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।