মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেপ্তার হওয়া যশোরের কেশবপুরের তিনজনকে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১। তাঁদের প্রত্যেককে এক দিন করে সেফহোমে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে মানবতাবিরোধী অপরাধ তদন্ত সংস্থা।
বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল-১ গতকাল রোববার এ আদেশ দেন। এ ছাড়া যশোরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনসহ ১২ জনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন অথবা আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের জন্য আগামী ২১ জুন দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল।
গতকাল রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রেজিয়া সুলতানা কেশবপুরের ১২ জনের বিরুদ্ধে তদন্তের অগ্রগতি প্রতিবেদন ট্রাইব্যুনালে জমা দেন। এ সময় তিনি গ্রেপ্তার হওয়া তিনজনকে জিজ্ঞাসাবাদের আবেদন জানান। শুনানি শেষে ট্রাইব্যুনাল রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করেন।
রাষ্ট্রপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ মে কেশবপুরের ১১ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন এই ট্রাইব্যুনাল। ওই ১১ জন হলেন ইব্রাহিম হোসেন, বিল্লাল হোসেন, শেখ মজিবুর রহমান, আবদুল আজিজ সরদার, আজিম সরদার, কাজী ওহায়দুল ইসলাম, লুৎফর মোড়ল, আবদুল খালেক মোড়ল, আকরাম হোসেন, ওজিয়ার মোড়ল ও মশিয়ার রহমান। গ্রেপ্তারি পরোয়ানা জারির পর ওই দিন রাতে আকরাম হোসেন, ওজিয়ার মোড়ল ও বিল্লাল হোসেনকে গ্রেপ্তার করে পুলিশ। পরদিন তাঁদের কারাগারে পাঠান ট্রাইব্যুনাল।
তদন্ত সংস্থা জানায়, গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়া ১১ জন কেশবপুরের সাবেক সাংসদ সাখাওয়াত হোসেনের সহযোগী ছিলেন। সাখাওয়াত মানবতাবিরোধী অপরাধের মামলায় এর আগেই গ্রেপ্তার হয়ে কারাগারে আটক আছেন।