নরসিংদীতে মো. সেলিম মিয়া হত্যা মামলায় গ্রেপ্তার তিনজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। সদর আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে গত সোমবার তাঁরা এ জবানবন্দি দেন।
গত বছরের ১ আগস্ট শহরের পশ্চিম ব্রাহ্মন্দী এলাকার নিজ বাড়ির সামনে মো. সেলিম মিয়াকে কুপিয়ে জখম করা হয়। পরে তিনি মারা যান। নিহত সেলিম মিয়া নরসিংদী জেলা ফার্মেসি সমিতির সাবেক সভাপতি ছিলেন। এ ঘটনায় তাঁর স্ত্রী আছমা আক্তার বাদী হয়ে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে একটি মামলা করেন।
এ হত্যার ঘটনায় রাজিব মিয়া, বাবু মিয়া, মো. মুন্না মিয়া জবানবন্দি দেন। জেলা গোয়েন্দা পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে সেলিম মিয়ার সঙ্গে তাঁর দুই ছেলে ইফতেকার ইসলাম ও আশরাফুল ইসলামের জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। এর মধ্যে ২০১৪ সালের সেপ্টেম্বরে আশরাফুল আত্মহত্যা করেন। এ ঘটনায় বড় ছেলে ইফতেকার ইসলাম বাদী হয়ে বাবার বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার মামলা করেন। এ মামলায় সেলিম মিয়া ছয় মাস জেলে ছিলেন। জামিনে বের হওয়ার কয়েক মাসের মধ্যে তিনি খুন হন।
গোয়েন্দা পুলিশ আরও জানায়, গত সপ্তাহে প্রথমে রাজিবকে ও পরে নিহতের পুত্রবধূ রেখা আক্তারকে গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের দেওয়া তথ্যমতে, গত রোববার বাবু ও মুন্নাকে গ্রেপ্তার করা হয়। সোমবার বিকেলে রেখা ছাড়া তিনজন হত্যায় জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন।
গোয়েন্দা পুলিশ জানায়, স্বামীর মৃত্যুর সময় রেখা আক্তার দুই মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। এ সময় তাঁকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে রেখা তাঁর শ্বশুরকে লোক ভাড়া করে হত্যা করান। পরে আপেল মিয়ার সহযোগিতায় রাজিব মিয়া, বাবু মিয়া, মো. মুন্না মিয়া মো. মুন্না ওরফে বড় মুন্না ধারালো অস্ত্র দিয়ে সেলিম মিয়াকে কুপিয়ে হত্যা করেন।
জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন বলেন, আসামিদের মধ্যে আপেল মিয়া ও বড় মুন্না পলাতক রয়েছেন।