গ্রেপ্তার থামাতে সরকারের ওপর চাপ সৃষ্টি করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে অনুষ্ঠিত ‘একতরফা ও প্রহসনের’ দশম সংসদ নির্বাচন সরকারের খামখেয়ালি গ্রেপ্তারে আরও কলঙ্কিত হচ্ছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। গ্রেপ্তার বন্ধে ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বাংলাদেশের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ানোরও আহ্বান জানিয়েছে এই সংস্থা।
এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক পরিচালক ব্র্যাড অ্যাডামস গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ আহ্বান জানান। এতে বলা হয়, বাছবিচারহীন গ্রেপ্তার বন্ধ করতে এবং বিরোধীদলীয় নেতা-কর্মীদের শান্তিপূর্ণ বিক্ষোভ, মতপ্রকাশ, সংগঠন, সমাবেশ ও আন্দোলনের স্বাধীনতা প্রদানে বাংলাদেশের কর্তৃপক্ষের ওপর আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও চাপ বাড়ানোর আহ্বান জানাচ্ছে এইচআরডব্লিউ।
অ্যাডামস বলেন, ক্ষমতাসীন দল বলছে, তারা বিরোধীদের সঙ্গে সংলাপকে স্বাগত জানায়। কিন্তু চলমান দমনাভিযানে এ বক্তব্যকে গুরুত্বের সঙ্গে নেওয়া অসম্ভব। বর্তমান রাজনৈতিক অচলাবস্থা কাটাতে সব রাজনৈতিক দলকেই সহিংসতা বন্ধে প্রতিশ্রুতিবদ্ধ হতে হবে। সেই সঙ্গে গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে একটি রাজনৈতিক সমঝোতায় পৌঁছাতে আন্তর্জাতিক চাপ বাড়ানোও জরুরি।
নিউইয়র্কভিত্তিক মানবাধিকার সংগঠনটি আরও বলেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ ও এর সহযোগীরা ৫ জানুয়ারির প্রতিদ্বন্দ্বিতাহীন নির্বাচনে জয়ী হওয়ার পরও গ্রেপ্তার অব্যাহত রয়েছে। বিভেদ সৃষ্টিকারী এ নির্বাচনে যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও অন্যরা তাদের পর্যবেক্ষক পাঠাতে অস্বীকৃতি জানায়। নির্বাচনের আগেই কয়েক ডজন এবং সম্ভবত শত শত বিরোধীদলীয় নেতা-কর্মীকে গ্রেপ্তার ও নিরাপত্তা হেফাজতে নেওয়া হয়। নির্বাচনটি বিএনপির নেতৃত্বাধীন প্রধান বিরোধীদলীয় জোট বর্জন করে। দুবারের প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকেও কার্যত গৃহবন্দী করে রাখা হয়। বিরোধী দলের বহু নেতা-কর্মী পালিয়ে বেড়াচ্ছেন।
অ্যাডামস বলেন, এই গ্রেপ্তার অভিযান সমালোচকদের দুর্বল করা, ভিন্নমতাবলম্বীদের লাগাম টেনে ধরা ও ক্ষমতাসীন দলের ক্ষমতা কুক্ষিগত করার কৌশলেরই অংশ।
এইচআরডব্লিউর এশিয়াবিষয়ক প্রধান বলেন, আওয়ামী লীগ দাবি করে, তারা বাংলাদেশের নেতৃত্বদানকারী গণতান্ত্রিক দল। কিন্তু সমালোচনাকারীদের বিরুদ্ধে এ ধরনের ধরপাকড়ে গণতন্ত্রের কোনো লেশমাত্র নেই।
সাম্প্রতিক মাসগুলোতে চলা রক্তক্ষয়ী সহিংসতায় দেড় শতাধিক মানুষ নিহত হওয়া, প্রায় ৫০০ ভোটকেন্দ্রে হামলা-অগ্নিসংযোগ, হিন্দু সম্প্রদায়ের লোকজনের বাড়িঘর, মন্দির, ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, লুটপাট, বিক্ষোভকারীদের লক্ষ্য করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিবর্ষণ—এসব ঘটনাও উল্লেখ করা হয় বিবৃতিতে।