গ্রেপ্তার দুই আ.লীগ নেতা রিমান্ড শেষে কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের নেতা রকিবুল ইসলাম ওরফে ফরিদ হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া দলটির দুই নেতাকে তিন দিনের রিমান্ড শেষে গতকাল শনিবার কারাগারে পাঠানো হয়েছে। তাঁদের আরও সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেছে পুলিশ।
ওই দুই আসামি হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম এবং অলোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম সরকার। গত মঙ্গলবার তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। পরদিন বুধবার তাঁদের তিন দিনের রিমান্ড দেন আদালত।
তদন্তসংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, রিমান্ডে জিজ্ঞাসাবাদকালে তাহেরুল ও নুরুল ইসলাম গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ বলেন, জিজ্ঞাসাবাদে বেশ কিছু তথ্য পাওয়া গেছে। আরও তথ্যের জন্য জিজ্ঞাসাবাদ প্রয়োজন। তাই আবার রিমান্ড আবেদন করা হয়েছে। আগামী মঙ্গলবার রিমান্ড আবেদনের শুনানির দিন ধার্য করেছেন আদালত।
গত বছরের ৬ ডিসেম্বর সকালে নিজ গ্রাম ভারই মধ্যপাড়ায় পুকুরপাড় থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়। ওই দিন তাঁর ভাই ফজলুল করিম থানায় মামলা করেন। এ মামলায় গোয়েন্দা পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া ভারই মধ্যপাড়া গ্রামের মাঈনুল হাসান, শওকত হোসেন, অলোয়া ইউপির সদস্য মকবুল হোসেন তরফদার ও নাসিরউদ্দিন রানা এ হত্যার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দেন। তাঁদের জবানবন্দিতে তাহেরুল ইসলাম, নুরুল ইসলামসহ কয়েকজন আওয়ামী লীগ নেতার নাম বের হয়ে আসে।