গ্রেপ্তার দুই আসামির রিমান্ডের আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইলে ১৭ মাসের শিশু বীথিকে ছুরিকাঘাতে হত্যাচেষ্টার ঘটনায় গ্রেপ্তার দুজনকে গতকাল রোববার আদালতে পাঠিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি‍)। গত শুক্রবার রাতে গাজীপুর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়। 

জানা যায়, জমিজমা নিয়ে পারিবারিক বিরোধের জের ধরে ১৩ মার্চ সকালে নান্দাইল পৌরসভার চণ্ডীপাশা মহল্লার দীন ইসলামের মেয়ে বীথির পেটে ছুরি ঢুকিয়ে দেন প্রতিপক্ষের শাহজাহান ব্যাপারী নামের একজন। পেট এফোঁড-ওফোঁড় করা ছুরি শরীরে বিদ্ধ অবস্থায় শিশুটিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। শিশুটির মা বিউটি আক্তার বলেন, তাঁর মেয়ের অবস্থা ধীরে ধীরে উন্নতি হচ্ছে।

ঘটনার দিনই শিশুটির বাবা দীন ইসলাম বাদী হয়ে শাহজাহান ব্যাপারীসহ ১১ জনকে অভিযুক্ত করে নান্দাইল মডেল থানায় মামলা করেন। বাদীর অভিযোগ, শাহজাহানের পক্ষ নিয়ে এলাকার কিছু লোক উল্টো তাঁকে ফাঁসানোর চেষ্টা করছেন।

এদিকে শুক্রবার রাতে গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল গাজীপুর থেকে এজাহারভুক্ত আসামি শাহাদত হোসেন ওরফে সৌরভ ও সন্দেহভাজন জহুরুল ইসলাম নামের দুজনকে গ্রেপ্তার করে।