গ্রেপ্তার দুই ছাত্রী তিন দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মেসে বিস্ফোরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা হাসান দগ্ধ হওয়ার ঘটনায় গ্রেপ্তার একই বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী নুরুন্নাহার ও মর্জিনা আক্তারকে গতকাল সোমবার তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
মামলার তদন্ত কর্মকর্তা কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) খাদেমুল বাহার গত বৃহস্পতিবার দুই ছাত্রীকে আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। বিচারিক হাকিম নাজমুন নাহার গত রোববার শুনানি শেষে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই দুই ছাত্রীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তের স্বার্থে এক্ষুনি কিছু বলা যাচ্ছে না।
পুলিশ সূত্র জানায়, ২৩ আগস্ট সকাল ছয়টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সালমানপুর গ্রামে বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম মৃধার ‘প্রশান্তি’ নামের বাসার নিচতলায় বিস্ফোরণে ফাহমিদা দগ্ধ হন। এতে ওই ভবনের নিচতলার জানালার গ্রিল উড়ে যায় ও কাচ ভেঙে যায়। নিচতলায় মেস করে থাকতেন ছাত্রীরা। পরদিন বুধবার কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল বাশার সন্ত্রাস দমন আইনে অজ্ঞাতনামা কয়েকজনসহ তিন ছাত্রীর বিরুদ্ধে মামলা করেন। মামলার তিন আসামি হলেন দগ্ধ ছাত্রী ফাহমিদা হাসান, নুরুন্নাহার ও মর্জিনা আক্তার।