মেসে বিস্ফোরণে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ফাহমিদা হাসান দগ্ধ হওয়ার ঘটনায় গ্রেপ্তার হওয়া দুই ছাত্রীর পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আদালত আগামী রোববার রিমান্ডের শুনানির দিন ধার্য করেছেন। একই সঙ্গে তাঁদের কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
ওই দুই ছাত্রী হলেন বিশ্ববিদ্যালয়ের ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নুরুন্নাহার ও হিসাববিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মর্জিনা আক্তার।
গতকাল বৃহস্পতিবার কুমিল্লার বিচারিক হাকিম নাজমুন নাহার সুমীর আদালতে ওই দুই ছাত্রীকে হাজির করা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা ও সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) খাদেমুল বাহার তাঁদের রিমান্ডের আবেদন করেন।
পুলিশ সূত্র জানায়, গত মঙ্গলবার সকাল ছয়টার দিকে কুমিল্লা বিশ্ববিদ্যালয়-সংলগ্ন সালমানপুর গ্রামে বিদ্যুৎ বিভাগের উপসহকারী প্রকৌশলী মনিরুল ইসলাম মৃধার ‘প্রশান্তি’ নামের বাসার নিচতলায় বিস্ফোরণে ফাহমিদা দগ্ধ হন। এতে ওই ভবনের নিচতলার জানালার গ্রিল উড়ে যায় ও কাচ ভেঙে যায়। পরদিন বুধবার কুমিল্লার সদর দক্ষিণ মডেল থানার উপপরিদর্শক (এসআই) শহীদুল বাশার সন্ত্রাস দমন আইনে অজ্ঞাতনামা কয়েকজনসহ তিন ছাত্রীর বিরুদ্ধে মামলা করেন। মামলার তিন আসামি হলেন নুরুন্নাহার, মর্জিনা আক্তার ও দগ্ধ ছাত্রী ফাহমিদা হাসান। ফাহমিদা অর্থনীতি দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের শিক্ষার্থী।
প্রধান আসামি ফাহমিদা হাসান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন থাকায় তাঁকে আদালতে আনা যায়নি। সুস্থ হওয়ার পর তাঁকে আদালতে তোলা হবে। এর আগে আটক ছয় ছাত্রীর মধ্যে চারজনকে বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আইনুল হকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।
ছাড়া পাওয়া ছাত্রীদের একজন লোকপ্রশাসন বিভাগের শিরিন আক্তার বলেন, ‘ঘটনার পর আওয়াজ শুনে দ্বিতীয় তলার সিঁড়িতে নেমে দেখি ও (ফাহমিদা) বসে আছে। বলছে, আপু আমাকে বাঁচান, ধরেন। আমি বাঁচতে চাই। বাড়ির মালিক শিরিন আক্তারসহ তাঁকে বাথরুমে নিয়ে এসে পানি দেওয়া হয়। পরে ইসরাতসহ আমি সিএনজিচালিত অটোরিকশায় করে ওকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে নিয়ে যাই।’
পুলিশ সুপার (এসপি) শাহ আবিদ হোসেন বলেন, ভয়াবহ তরল জাতীয় কিছু (হাই এক্সক্লুসিভ লিকুইড) বানাতে গিয়ে ফাহমিদা হাসান দগ্ধ হয়েছেন। এ সময় পাশের কক্ষে থাকা বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী নুরুন্নাহার ও মর্জিনা আক্তার তাঁকে সহযোগিতা করেন। ওই তিন ছাত্রী ইসলামী ছাত্রী সংস্থার রাজনীতির সঙ্গে জড়িত বলে তথ্য পাওয়া গেছে। ঢাকা থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহকারী পুলিশ সুপার আবদুস সালামের নেতৃত্বে ঘটনাস্থল পরিদর্শন শেষে কিছু আলামত রাসায়নিক পরীক্ষার জন্য নেওয়া হয়েছে। ওই প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।
অভিযোগ প্রসঙ্গে ফাহমিদা হাসানের বাবা আবু হাসান মুঠোফোনে বলেন, ‘আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই। যে বা যারাই দোষী হোক, তাদের বিচার চাই। ফাহমিদা ছোটবেলা থেকেই মেধাবী। পড়াশোনা ছাড়া ও কিছু বুঝত না। শুনতাছি ওর বিরুদ্ধে মামলা হয়েছে। সে কোনো রাজনীতি করত না।’ আবু হাসান ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বায়েক ইউনিয়ন পরিষদের সচিব।
গত বুধবার এসপির কার্যালয়ের সামনে কথা হয় নুরুন্নাহারের বাবা নূর হোসেন ও মা ঝরনা বেগমের সঙ্গে। তাঁরা বলেন, ‘আমাদের দুই মেয়ে ও এক ছেলের মধ্যে নুরুন্নাহার মেধাবী। ও কোনো খারাপ কাজের সঙ্গে জড়িত থাকতে পারে না।’ নুরুন্নাহারের বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ি উপজেলার জগজীবনপুর গ্রামে। তবে তাঁরা দীর্ঘদিন ধরে রাজধানীর রায়েরবাগসংলগ্ন মেরাজ নগরে বসবাস করেন।
মর্জিনা আক্তারের গ্রামের বাড়ি কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার পেরুল গ্রামে। তাঁর বাবা আলী মিয়া। তাঁর ভাই কুমিল্লা সেন্ট্রাল মেডিকেল কলেজের এমবিবিএস চতুর্থ বর্ষের শিক্ষার্থী ফরহাদ আহমেদ বলেন, তাঁর বোন মর্জিনা চাপা স্বভাবের। সে ইসলামী ছাত্রী সংস্থার সঙ্গে জড়িত নয়।