টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলা আওয়ামী লীগের নেতা রকিবুল ইসলাম ওরফে ফরিদ হত্যা মামলায় গত মঙ্গলবার গ্রেপ্তার হওয়া দলটির দুজন নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গতকাল বুধবার তিন দিনের হেফাজতে (রিমান্ড) নিয়েছে গোয়েন্দা পুলিশ।
ওই দুজন হলেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক তাহেরুল ইসলাম ও অলোয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম সরকার।
জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) ওসি অশোক কুমার সিংহ বলেন, মঙ্গলবার সন্ধ্যায় ঢাকার গুলশান এলাকা থেকে তাহেরুল ও নূরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। গতকাল দুপুরে টাঙ্গাইল বিচারিক হাকিমের আদালতে হাজির করে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম ফারজানা হাসনাত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ৬ ডিসেম্বর সকালে নিজ গ্রাম ভারই মধ্যপাড়ায় পুকুরপাড় থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রকিবুল ইসলামের গলাকাটা লাশ উদ্ধার করা হয়।