গ্রেপ্তার দুজন আরও পাঁচ দিনের রিমান্ডে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সাবেক চেয়ারম্যান খিজির খান হত্যা মামলায় গ্রেপ্তার হওয়া তরিকুল ইসলাম ও মো. আলেক ব্যাপারীকে আরও পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দুজনের তিন দিনের রিমান্ড শেষে গতকাল সোমবার আদালতে হাজির করে তাঁদের জিজ্ঞাসাবাদের জন্য আরও ১০ দিন রিমান্ডে নেওয়ার আবেদন করে তদন্ত কর্মকর্তা ডিবির পরিদর্শক আজিজুর রহমান। শুনানি শেষে ঢাকার মহানগর হাকিম মোহাম্মদ ইউনুস খান দুই আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল আদালতে দেওয়া পুলিশ প্রতিবেদনে বলা হয়, আসামি তরিকুল নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) অন্যতম সংগঠক। ২০০৫ সালে সারা দেশে বোমা হামলার ঘটনায় করা মামলায় তিনি পাঁচ বছর কারাভোগ করেছিলেন। খিজির খানকে হত্যায় আটজন অংশ নিয়েছিলেন। যে গাড়িতে করে হত্যাকারীরা ঘটনাস্থলে যান, সেই গাড়ির চালক ছিলেন আলেক ব্যাপারী। প্রথম দফা রিমান্ডে জিজ্ঞাসাবাদে আসামিরা গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। তাঁদের দেওয়া তথ্যের বিষয়ে জানতে আরও জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।
এর আগে ১০ অক্টোবর টাঙ্গাইল থেকে তরিকুলকে এবং ঢাকার মিরপুর থেকে আলেক ব্যাপারীকে গ্রেপ্তার করে ডিবি। খিজির খানকে ৫ অক্টোবর সন্ধ্যায় ঢাকার মধ্য বাড্ডায় নিজ বাসায় তাঁর ‘রহমতিয়া খানকাহ শরিফে’ হত্যা করে দুর্বৃত্তরা।