গ্রেপ্তার দুজন জড়িত কি না এখনো নিশ্চিত নয় পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ সুপার (এসপি) বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম হত্যাকাণ্ডের ১২ দিন পরও তদন্তে বলার মতো কোনো অগ্রগতি নেই বলে স্বীকার করেছে পুলিশ। হত্যাকাণ্ডের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলেও তাঁরা এ ঘটনায় জড়িত কি না, সে বিষয়েও পুলিশ এখনো নিশ্চিত হতে পারেনি।
চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার মো. ইকবাল বাহার গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে বলেন, সব দিক খতিয়ে তদন্ত করা হচ্ছে। বলার মতো কিছু থাকলে গণমাধ্যমকে ডেকে জানানো হবে। তিনি বলেন, গ্রেপ্তার হওয়া দুই আসামিকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তাঁরা এই ঘটনায় জড়িত কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তাঁদের আরও জিজ্ঞাসাবাদ করা হবে।
দুই আসামিকে গত সোমবার থেকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
৫ জুন সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় চট্টগ্রামের জিইসি এলাকায় গুলি ও ছুরিকাঘাতে খুন হন মাহমুদা খানম। ঘটনার পর পুলিশ জানায়, জঙ্গি দমনে বাবুল আক্তারের সাহসী ভূমিকা ছিল, এ কারণে জঙ্গিরা তাঁর স্ত্রীকে খুন করে থাকতে পারে। এ ঘটনায় পরদিন বাবুল আক্তার অজ্ঞাতপরিচয় তিন ব্যক্তিকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে। এর মধ্যে আবু নছর ওরফে গুন্নুকে গত ৮ জুন এবং শাহজামান ওরফে রবিনকে ১০ জুন গ্রেপ্তার করে পুলিশ।
মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার মো. কামরুজ্জামান জানান, রহস্য উদ্ঘাটনে দিনে-রাত কাজ চলছে।
এক আসামির রিমান্ড বাতিলের আবেদন নাকচ: মাহমুদা হত্যা মামলায় গ্রেপ্তার সাবেক শিবিরকর্মী আবু নছর ওরফে গুন্নুকে জিজ্ঞাসাবাদ করতে পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে গত রোববার চট্টগ্রাম মহানগর হাকিম মোহাম্মদ হারুন অর রশিদ সাত দিনের রিমান্ড মঞ্জুর করেন। এই আদেশের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূরের আদালতে একটি আবেদন করা হয়। শুনানি শেষে আদালত ওই আবেদন নাকচ করে দেন।