কিশোরগঞ্জে অটোরিকশাচালক শামীম মিয়াকে (২৪) পুড়িয়ে হত্যার ঘটনায় গ্রেপ্তার আবীর হোসেন ওরফে জনি ও সাজন মিয়াকে পাঁচ দিন করে রিমান্ডে নিয়েছে পুলিশ। গতকাল রোববার তাঁদের কিশোরগঞ্জের ১ নম্বর আমলি আদালতে হাজির করে কিশোরগঞ্জ সদর মডেল থানার পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত তাঁদের পাঁচ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।
গত বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকায় হাত, পা ও চোখ বেঁধে গায়ে পেট্রল ঢেলে শামীমকে পুড়িয়ে হত্যা করে সন্ত্রাসীরা। পরিবারের অভিযোগ, মাদক সেবনে বাধা দেওয়ায় স্থানীয় কয়েকজন যুবক এ ঘটনা ঘটিয়েছেন। পরদিন শুক্রবার শামীমের চাচা মানিক মিয়া চারজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও কয়েকজনের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় একটি হত্যা মামলা করেছেন। ওই চার আসামি হলেন আবীর, সাজন, আল আমিন ও সফিকুল ইসলাম। ওই দিনই পুলিশ আবীর ও সাজনকে গ্রেপ্তার করে।
জানতে চাইলে কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মোশারফ হোসেন প্রথম আলোকে বলেন, দুজনকে রিমান্ডে নিয়ে হত্যার কারণ ও বাকি জড়িতদের সম্পর্কে তথ্য বের করার চেষ্টা করা হবে। হত্যার পেছনে মাদক সেবনে বাধা না অন্য কোনো কিছু, তা-ও খতিয়ে দেখা হবে।