গ্রেপ্তার দুজনের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
ব্লগার নীলাদ্রি চট্টোপাধ্যায় হত্যায় জড়িত সন্দেহে গ্রেপ্তার সাদ আল নাহিয়ান ও মাসুদ রানাকে আজ শুক্রবার আদালতে নিয়ে ১০ দিন করে রিমান্ডের আবেদন করবে পুলিশ। সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার অতিরিক্ত উপকমিশনার জাহাঙ্গীর আলম সরকার সাংবাদিকদের এ কথা জানিয়েছেন।
ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম শাখার উপকমিশনার (ডিসি) মুনতাসিরুল ইসলাম বলেন, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যার দিকে নাহিয়ানকে উত্তরার ৭ নম্বর সেক্টর থেকে আর মাসুদ রানাকে মিরপুরের কালশী এলাকা থেকে আটক করা হয়। নাহিয়ান শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হকের ভাতিজা। নীলাদ্রি হত্যার ঘটনায় তাঁদের সন্দেহ করা হচ্ছে। তাঁরা আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।
ডিসি জানান, নাহিয়ান ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিবিএর ছাত্র ছিলেন। ব্লগার আসিফ মহিউদ্দীনের ওপর হামলার ঘটনায় গ্রেপ্তারের পর তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছিলেন। পরে জামিনে মুক্তি পান তিনি। আর মাসুদ রানা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি।
৭ আগস্ট নীলাদ্রিকে রাজধানীর গোড়ানের ভাড়া বাসায় ঢুকে হত্যা করা হয়েছিল। এ ঘটনায় তাঁর স্ত্রী আশামণি অজ্ঞাতপরিচয় চারজনকে আসামি করে খিলগাঁও থানায় একটি হত্যা মামলা করেন।
এ নিয়ে চলতি বছরে চারজন ব্লগারকে একইভাবে হত্যা করা হলো। এর আগে ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অভিজিৎ রায়, ৩০ মার্চ তেজগাঁওয়ের দক্ষিণ বেগুনবাড়ীতে ওয়াশিকুর রহমান এবং ১২ মে সিলেট নগরের সুবিদ বাজারে অনন্ত বিজয় দাশ খুন হন।