ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে শিশু চুরির ঘটনায় গ্রেপ্তার দুই নারী আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। গতকাল মঙ্গলবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালত দুজেনের জবানবন্দি গ্রহণ শেষে তাঁদের কারাগারে পাঠানোর আদেশ দেন।
গতকাল ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাছুদ শেখ তাঁর খাস কামরায় আসামি রাশেদা খানমের জবানবন্দি গ্রহণ করেন। মহানগর হাকিম সাবরিনা আলী অপর আসামি বেলী আক্তার রহিমার জবানবন্দি গ্রহণ করেন।
২১ আগস্ট ঢাকা মেডিকেল থেকে একটি শিশু চুরি হয়। ২৮ আগস্ট গাজীপুরের টঙ্গী থেকে চুরি যাওয়া শিশুসহ এই দুজনকে গ্রেপ্তার করে র্যাব। পরে দুজনকে আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেয় পুলিশ। গতকাল রিমান্ড শেষে আদালতে হাজির করা হলে স্বেচ্ছায় জবানবন্দি দিতে চাইলে তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক ফেরদৌস আলম ওই জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন।
আদালতে দেওয়া জবানবন্দিতে বলা হয়েছে, ২০ আগস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রুনা আক্তার যমজ ছেলের জন্ম দেন। রাশেদা খানম পরিবারের সদস্যদের চোখ ফাঁকি দিয়ে শিশুটিকে নিয়ে পালিয়ে যান। পরে শিশুটিকে ৪০ হাজার টাকায় বেলীর কাছে বিক্রি করে দেন।