ফেনীর ফুলগাজী উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি একরামুল হক হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া সন্দেহভাজন দুই ব্যক্তি গতকাল বৃহস্পতিবার ফেনী জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন পেয়েছেন।
তাঁরা হলেন হেলাল উদ্দিন ও মীর হোসেন স্বপন। একরাম হত্যাকাণ্ডের পর পুলিশ তাঁদের গ্রেপ্তার করে।
গত ২৮ আগস্ট মামলার তদন্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার ৩২ জনের মধ্যে পাঁচজনের নাম বাদ দিয়ে এবং নতুন ২৯ জনসহ ৫৬ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত এখনো পুলিশের দেওয়া অভিযোগপত্র গ্রহণ করেননি। পুলিশের দাখিল করা অভিযোগপত্রে হেলাল উদ্দিন ও মীর হোসেনের নাম নেই।
মামলার তদন্ত কর্মকর্তা ও ফেনী সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) আবুল কালাম আজাদ জানান, গতকাল হেলাল উদ্দিন ও মীর হোসেন ফেনী জেলা ও দায়রা জজ আদালত থেকে জামিন লাভ করেছেন। তিনি জানান, এর আগে এই হত্যাকাণ্ডের ঘটনায় গ্রেপ্তার হওয়া আনোয়ার হোসেন ও আলমগীর হোসেন উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন। পুলিশের দাখিল করা অভিযোগপত্রে এই দুজনের নামও নেই।
গত ২০ মে ফেনী শহর থেকে ফুলগাজী যাওয়ার পথে শহরের একাডেমি এলাকায় দুর্বৃত্তরা চেয়ারম্যান একরামের গাড়ির গতিরোধ করে তাঁকে কুপিয়ে, গুলি করে ও পুড়িয়ে হত্যা করে।