গ্রেপ্তার দুজনের তিন দিনের রিমান্ড শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর উত্তরায় গত শুক্রবার রাতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ পর ঘটনাস্থল থেকে গ্রেপ্তার হওয়া দুই যুবকের তিন দিনের রিমান্ড গতকাল সোমবার শেষ হয়েছে। তাঁরা হলেন সাইদুল ও ইমরান।ওই ‘বন্দুকযুদ্ধে’ এই দুজনের সঙ্গে গাড়িতে থাকা অপর তিন যুবক নিহত হন। এর কিছুক্ষণ আগে একই স্থানে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হন আরও দুজন। র‌্যাব দাবি করে, গাড়ি থেকে প্রথমে তাদের লক্ষ্য করে গুলি করা হয়। জবাবে র‌্যাবও পাল্টা গুলি করে।পুলিশ জানায়, ওই ঘটনায় তিনটি মামলা হয়। এর মধ্যে ডাকাতির প্রস্তুতি মামলায় সাইদুল ও ইমরানের তিন দিনের রিমান্ড গতকাল শেষ হয়। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে জয়েন্ট ইন্টারোগেশন সেলে। অপর দুই মামলার একটিতে তাঁদের দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়ে আছে।উত্তরা থানার পুলিশের একজন কর্মকর্তা গতকাল দাবি করেন, জিজ্ঞাসাবাদে সাইদুল ও ইমরান বলেছেন, তাঁরা ডাকাতির উদ্দেশ্যে শুক্রবার সন্ধ্যার পর উত্তরা এলাকায় গিয়েছিলেন। এর আগেও তাঁরা বেশ কয়েকটি ছিনতাই ও ডাকাতি করেন। আগে ধরা না পড়ায় তাঁদের বিরুদ্ধে মামলা নেই।উত্তরা থানার পরিদর্শক (তদন্ত) আরমান আলী বলেন, অস্ত্র মামলায় এই দুজনের আরও দুই দিনের রিমান্ড মঞ্জুর হয়ে রয়েছে।