গ্রেপ্তার দুজনের স্বীকারোক্তিমূলক জবানবন্দি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরের মনিরামপুরের পাঁচাকড়ি গ্রামের মেধাবী ছাত্র সাজিদুর রহমান ওরফে শাহিদের (১১) হত্যা মামলায় গ্রেপ্তার দুই তরুণ আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছেন।
পুলিশ জানায়, গত রোববার পাঁচাকড়ি গ্রামের শাহরিয়ার ওরফে লাল্টু মোল্যা (১৯) এবং গতকাল সোমবার একই গ্রামের লাল্টু গাজীকে (২০) গ্রেপ্তার করা হয়। গতকালই দুজন অভয়নগর জ্যেষ্ঠ বিচারিক হাকিম মিল্টন হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁরা বলেন, মুক্তিপণ আদায়ের জন্য শাহিদকে অপহরণের পর হত্যা করা হয়।
পাঁচাকড়ি গ্রামের সাইফুর রহমান গাজীর ছেলে শাহিদ ১১ এপ্রিল বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। গত বুধবার উপজেলার চোমরডাঙ্গা এলাকায় টেকা নদী থেকে পুলিশ তার বস্তাবন্দী লাশ উদ্ধার করে। সে নেহালপুর আইডিয়াল প্রি-ক্যাডেট স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল। এ ঘটনায় গত বৃহস্পতিবার সাইফুর রহমান অভয়নগর থানায় একটি মামলা করেন।
অভয়নগর থানার ওসি শেখ নাসির উদ্দিন বলেন, ‘সাজিদুর হত্যাকাণ্ডে অংশ নেওয়া তিনজনের দুজনকে আমরা গ্রেপ্তার করেছি।’