ফারুকী হত্যাকাণ্ড: তদন্ত নিয়ে হতাশ পরিবার, নিরাপত্তাহীনতায় বাসা বদল
গ্রেপ্তার দূরের কথা, খুনিরা এখনো শনাক্তই হয়নি

বেসরকারি টেলিভিশন চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের উপস্থাপক নুরুল ইসলাম ফারুকী হত্যা মামলার কোনো কূলকিনারা করতে পারেনি ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রায় সাড়ে আট মাসে খুনিদের গ্রেপ্তার তো দূরের কথা, শনাক্তও করতে পারেনি।
মামলার তদন্ত নিয়ে নিহত ফারুকীর পরিবার হতাশ। নিরাপত্তাহীনতার কারণে তাঁর পরিবার পূর্ব রাজাবাজারের বাসা ছেড়ে অন্যত্র চলে গেছে।
গত বছরের ২৭ আগস্ট রাতে রাজধানীর পূর্ব রাজাবাজারের ভাড়া বাসায় ঢুকে কয়েকজন যুবক নুরুল ইসলাম ফারুকীকে হত্যা করে। তাঁর পরিবার অভিযোগ করে, ধর্মীয় মতাদর্শের বিরোধীরাই ফারুকীকে হত্যা করেছে। পুলিশেরও সন্দেহ, উগ্রপন্থী জঙ্গিরাই এ ঘটনা ঘটিয়েছে। মামলাটি তদন্ত করছে ডিবি পুলিশ।
নিহত ফারুকীর পরিবারের সদস্যরা প্রথম আলোকে বলেন, হত্যাকাণ্ডের পর পূর্ব রাজাবাজারে তাঁদের বাসার সামনে কয়েক দিন পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল। কিন্তু কিছুদিন পর হঠাৎ সেখান থেকে পুলিশ সরিয়ে নেওয়া হয়। এর পর থেকে বাসার সামনে অপরিচিত লোকদের আনাগোনা বেড়ে গেলে নিরাপত্তাহীনতার কারণে কয়েক মাস আগে তাঁরা ওই বাসা ছেড়ে অন্যত্র চলে এসেছেন।
এ হত্যার ঘটনায় শেরেবাংলা নগর থানায় মামলা করেন তাঁর ছেলে ফয়সাল ফারুকী। তিনি গত শনিবার প্রথম আলোকে বলেন, ধর্মীয় মতাদর্শের বিরোধীরা তাঁর বাবাকে খুন করেছে। প্রায় সাড়ে আট মাস পরও হত্যাকারীদের গ্রেপ্তার করা তো দূরের কথা, পুলিশ প্রকৃত খুনিদের শনাক্তই করতে পারল না। তাঁর অভিযোগ, হত্যাকাণ্ডে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকায় তদন্ত নিয়ে ডিবি গা করছে না। তদন্ত নিয়ে তাঁরা হতাশ। তিনি বলেন, তাঁর পরিবারের প্রশ্ন, এই হত্যা মামলার পরিণতি কি নিহত সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার মতো হবে?
ফারুকী হত্যার কয়েক দিন পর বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) ছাত্রসংগঠন ইসলামী ছাত্রসেনার ঢাকা মহানগর শাখার সাধারণ সম্পাদক ইমরান হোসাইন বিভিন্ন টিভি চ্যানেলের ধর্মীয় অনুষ্ঠানের ছয়জন উপস্থাপকের বিরুদ্ধে আদালতে নালিশি মামলা করেন। এ মামলায় অভিযোগ করা হয়, এঁদের মদদে হত্যাকাণ্ড ঘটেছে এবং এই ষড়যন্ত্রের কথা ফারুকী মৃত্যুর আগে টঙ্গীতে একটি মাহফিল অনুষ্ঠানে বলেছিলেন। ফারুকী বাংলাদেশ ইসলামী ফ্রন্টের (মতিন) সভাপতিমণ্ডলীর সদস্য ও আহলে সুন্নাত ওয়াল জামাতের আন্তর্জাতিক সম্পাদক ছিলেন।
ইমরান হোসেন রোববার প্রথম আলোকে বলেন, তিনি যাঁদের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন, তাঁদের একজন সরকারদলীয় এক নেতার পরিচালিত একটি বিমা কোম্পানির অংশীদার। এ কারণে তদন্ত এগোচ্ছে না। ডিবির তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, নালিশি মামলাটি আদালত শেরেবাংলা নগর থানায় করা মূল এজাহারের সঙ্গে একত্রে তদন্তের নির্দেশ দিয়েছেন।
মামলার তদন্ত তদারক কর্মকর্তা ডিবির উপকমিশনার (উত্তর ও পশ্চিম) শেখ নাজমুল আলম বলেন, ডিবি পুলিশ ফারুকী হত্যা মামলার কূলকিনারা করতে পারছে না। তবে তদন্তে হত্যা-সম্পর্কিত কিছু তথ্য পাওয়া গেছে। এর ভিত্তিতে কয়েকজনকে আটক করার চেষ্টা চলছে। আদালতে যে ছয়জনের বিরুদ্ধে নালিশি অভিযোগ করা হয়েছে, তাঁদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। প্রাথমিকভাবে এই হত্যায় তাঁদের সম্পৃক্ততা পাওয়া যায়নি।
তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, ফারুকী হত্যা মামলায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির সদস্য খোরশেদ আলম ওরফে রুবেল (২৩) ও আহলে হাদিসের যুব সংগঠনের নেতা মোজাফ্ফর হোসেন ওরফে শাইখ মোজাফ্ফর বিন মোহসিনকে (৩৪) গ্রেপ্তার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাঁদের কাছ থেকেও হত্যাকাণ্ডের কোনো তথ্য পাওয়া যায়নি। খোঁজ নিয়ে জানা যায়, মোহসিন সম্প্রতি জামিনে মুক্তি পেয়েছেন।
ফারুকীর পরিবার জানায়, ফারুকী ছিলেন পরিবারের একমাত্র উপার্জনক্ষম। তিনি খুন হওয়ার পর পরিবার আর্থিক সংকটে পড়েছে। টাকার অভাবে ফয়সাল ফারুকীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা বন্ধ হয়ে গেছে। গাজীপুরের বাড়িতে ঘর তৈরি করে ভাড়া দিয়ে আর্থিক সংকট ঘোচানোর চেষ্টা চলছে।
পারিবারিক সূত্র জানায়, ফারুকী হত্যার প্রত্যক্ষদর্শী মারুফ হাসানকে (নিহতের ভাগনে) তদন্ত কর্মকর্তা কয়েক দিন আগে আশুলিয়ায় ব্যাংক ডাকাতির ঘটনায় ধরা পড়া দুজনের ছবি দেখিয়েছিলেন। মারুফ তদন্ত কর্মকর্তাকে জানিয়েছেন, হত্যার সময় তিনি তাঁদের দেখেননি।