গ্রেপ্তার দেখানো হলো সেই 'পলাতক জঙ্গিকে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‍্যাবের সেই ‘পলাতক জঙ্গি’ আজিজুল হককে দুটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে। চট্টগ্রামের বাঁশখালী থানায় র‍্যাবের করা দুটি মামলায় গতকাল মঙ্গলবার তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
ভাঙচুরের অভিযোগে চট্টগ্রাম নগরের কোতোয়ালি থানায় করা একটি মামলা গ্রেপ্তার হয়ে গত ৮ জানুয়ারি থেকে কারাগারে আছেন আজিজুল।
‘র‍্যাবের “পলাতক” জঙ্গি কারাগারে’ শিরোনামে গতকাল প্রথম আলোয় প্রতিবেদন প্রকাশিত হয়।
গতকাল গ্রেপ্তারি পরোয়ানা চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে এসে পৌঁছায়। উপকারাধ্যক্ষ মনির হোসেন প্রথম আলোকে বলেন, সন্ত্রাস দমন এবং অস্ত্র আইনে বাঁশখালী থানায় করা দুটি মামলায় আজিজুলের বিরুদ্ধে সিডব্লিউ (কাস্টডি ওয়ারেন্ট) পাওয়া গেছে।
বাঁশখালী আদালতের সরকারি কৌঁসুলি বিকাশ রঞ্জন ধর জানান, দুটি মামলায় আজিজুলকে গ্রেপ্তার দেখানোর জন্য গতকাল বাঁশখালীর জ্যেষ্ঠ বিচারিক হাকিমের আদালতে আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা র‍্যাব-৭-এর সহকারী পরিচালক রুহুল আমিন। পরে আদালত আবেদন মঞ্জুর করেন। তিনি জানান, মামলার এজাহারে আজিজুল হকের পুরো নাম-ঠিকানা ছিল না। তদন্তে আজিজুলের কারাগারে থাকার বিষয়টি নিশ্চিত হওয়ার পর তাঁকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন তদন্ত কর্মকর্তা।
গত শনিবার নগরের হালিশহর বসুন্ধরা আবাসিক এলাকার একটি বাসায় অভিযান চালিয়ে ১৫০ কেজি বিস্ফোরক, ৭৬টি বোমা, বোমা তৈরির সরঞ্জামসহ চারজনকে গ্রেপ্তার করে র‍্যাব। এ ঘটনায় গ্রেপ্তার চারজনসহ ছয়জনের নাম উল্লেখ করে পরদিন মামলা করে র‍্যাব। মামলায় আজিজুলকে পলাতক দেখানো হয়।
এর আগে গত ২২ ফেব্রুয়ারি বাঁশখালীর পাহাড়ে ‘জঙ্গি প্রশিক্ষণকেন্দ্র’ থেকে অস্ত্র, গুলি, প্রশিক্ষণের সরঞ্জামাদিসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায়ও আজিজুলকে পলাতক আসামি দেখিয়ে বাঁশখালী থানায় দুটি মামলা করে র‍্যাব। গতকাল তাঁকে ওই দুই মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
হালিশহর থানায় সন্ত্রাস দমন আইনে করা মামলায় আজিজুলকে গ্রেপ্তার দেখানোর আবেদন করা হবে কি না, এ প্রশ্নের জবাবে থানার ওসি শাহজাহান কবির বলেন, তদন্তসাপেক্ষে আবেদন করা হবে।