গ্রেপ্তার দেখানো হচ্ছে সাংসদ আমানুরকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টাঙ্গাইলে যুবলীগের দুই নেতাকে হত্যা করে গুমের মামলায় টাঙ্গাইল-৩ আসনের সাংসদ আমানুর রহমান খানকে গ্রেপ্তার দেখানো হতে পারে।
জেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমেদ হত্যা মামলায় আদালতে আত্মসমর্পণের পর গত বছরের সেপ্টেম্বর থেকে আমানুর কাশিমপুর কারাগারে বন্দী রয়েছেন।
সদর উপজেলার বাঘিল ইউনিয়ন যুবলীগের সভাপতি মোহাম্মদ শামীম (২৮) এবং সাংগঠনিক সম্পাদক মামুন মিয়া (২৫) ২০১২ সালের ১৬ জুলাই সকালে বাড়ি থেকে টাঙ্গাইল শহরের উদ্দেশে বের হন। এরপর তাঁদের আর খোঁজ পাওয়া যায়নি। এ ঘটনায় শামীমের মা আছিয়া খাতুন পরদিন সদর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
নিহত দুজনের পারিবারিক সূত্রে জানা গেছে, ঘটনার পর তাঁরা মামলা করতে সাহস পাননি। ২০১৩ সালের জুনে টাঙ্গাইল শহরে তুহিন নামের এক যুবককে হত্যা করে আমানুরের ঘনিষ্ঠ সহযোগী মোর্শেদ ও তাঁর দল। এ হত্যা মামলার পর মোর্শেদ আত্মগোপনে চলে যান। তখন নিখোঁজ মামুনের বাবা আবদুল আজিজ বাদী হয়ে ২০১৩ সালের ৯ জুলাই টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে মামলা করেন। আদালত তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন। মামলায় মোর্শেদসহ ১৩ জনকে আসামি করা হয়। পুলিশ ওই বছরের ২১ সেপ্টেম্বর মামলাটি রেকর্ড করে। পরবর্তী সময়ে তদন্তের দায়িত্ব জেলা গোয়েন্দা পুলিশকে (ডিবি) দেওয়া হয়।
এই মামলায় গ্রেপ্তার হওয়া আসামি খন্দকার জাহিদুল ইসলাম ১১ মার্চ এবং সাহাদত হোসেন ১৬ মার্চ টাঙ্গাইল বিচারিক হাকিম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। বিচারিক হাকিম রুপম কান্তি দাস তাঁদের জবানবন্দি লিপিবদ্ধ করেন। জবানবন্দিতে তাঁরা বলেন, যুবলীগ নেতা শামীম ও মামুনকে নিখোঁজ হওয়ার দিনই আমানুরের ঘনিষ্ঠ সহযোগী মোর্শেদের নেতৃত্বে তাঁর (মোর্শেদের) বিশ্বাস বেতকা এলাকার কার্যালয়ে হত্যা করা হয়। ওই দিন সন্ধ্যায় দুজনের গলা কাটা লাশ বাসাইল উপজেলার নথখোলায় নদীতে ভাসিয়ে দেওয়া হয়। এ ঘটনায় সাংসদ আমানুর এবং তাঁর অপর ভাই জাহিদুর রহমান খানও সম্পৃক্ত ছিলেন।
গতকাল বৃহস্পতিবার জানতে চাইলে নাম প্রকাশ না করার শর্তে তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা বলেন, যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যা মামলার তদন্তে আমানুরের জড়িত থাকার বিষয়টি সামনে চলে এসেছে। এ ছাড়া এই জোড়া খুনের কয়েক মাস আগে শহরের ঢাকা রোডে খুন হওয়া আরেক যুবলীগ কর্মী মো. মামুন, বিশ্বাস বেতকা এলাকার ব্যবসায়ী মো. তুহিন এবং ঘারিন্দা এলাকার শ্রমিকনেতা গোলাম আযমসহ শহরের বেশ কয়েকটি হত্যায় আমানুর ও তাঁর ভাইদের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। আমানুরকে আপাতত যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হতে পারে।
এই মামলার তদন্তকারী কর্মকর্তা জেলা ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ বলেন, যুবলীগ নেতা শামীম ও মামুন হত্যা মামলায় গ্রেপ্তার করা আসামিদের জবানবন্দি যাচাই-বাছাই করা হচ্ছে। যাঁদের নাম এসেছে, তাঁদের ব্যাপারে পরবর্তী আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফারুক আহমেদ হত্যা মামলায় সাংসদ আমানুর ও তাঁর তিন ভাই টাঙ্গাইল পৌরসভার সাবেক মেয়র সহিদুর রহমান খান, ব্যবসায়ী নেতা জাহিদুর রহমান খান এবং ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি সানিয়াত খানের সম্পৃক্ততার বিষয়টি প্রকাশ হওয়ার পর ২০১৪ সালের নভেম্বরে তাঁরা আত্মগোপন করেন। গত বছরের ফেব্রুয়ারিতে ফারুক হত্যা মামলায় আমানুর ও তাঁর ৩ ভাইসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় ডিবি। আমানুর গত ১৮ সেপ্টেম্বর ফারুক হত্যা মামলায় টাঙ্গাইল আদালতে আত্মসমর্পণ করেন। আদালত তাঁকে জেলহাজতে পাঠান।