নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনার পরিপ্রেক্ষিতে আদালতের নির্দেশে সরকারের ছয়টি সংস্থা ও তদন্ত কমিটি তাদের কার্যক্রমের অগ্রগতির বিষয়ে প্রতিবেদন জমা দিয়েছে৷ গতকাল বুধবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে পৃথকভাবে প্রতিবেদনগুেলা জমা দেওয়া হয়৷ আজ এগুলো আদালতে দাখিল করা হতে পারে৷ কমিটি তদন্ত শেষ করতে আরও এক মাস সময় চেয়েছে৷
এদিকে, র্যাবের তিন সাবেক কর্মকর্তাকে আদৌ গ্রেপ্তার করা যাবে িক না, তা নিয়ে স্পষ্ট করে কিছু বলতে পারছে না পুলিশ৷ পুলিশ সদর দপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন, তাঁদের গ্রেপ্তারে সহায়তা চেয়ে গত সোমবার পাঠানো চিঠির কোনো জবাব দেয়নি সশস্ত্র বাহিনী বিভাগ৷ তাঁরা এখনো জবাবের অপেক্ষায় আছেন৷
আদালতের আদেশের পরও তিন কর্মকর্তাকে গ্রেপ্তার না করার ব্যাপারে জানতে চাইলে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম সাংবাদিকদের বলেন, ‘আদালত নির্দিষ্ট সময় বেঁধে দেননি৷ নিশ্চয়ই এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে৷ তবে গ্রেপ্তারে কী পদক্ষেপ নেওয়া হয়েছে, সে বিষয়ে তথ্য আমার কাছে নেই৷’
মামলার তদন্তের সঙ্গে সংশ্লিষ্ট একাধিক সূত্র প্রথম আলোকে জানিয়েছে, তিন কর্মকর্তাকে গ্রেপ্তারে সরকারের উচ্চপর্যায় থেকে কোনো সবুজ সংকেত মেলেনি। এ কারণে তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না৷
গত ৫ মে বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ নারায়ণগঞ্জে সাত খুনের ঘটনায় প্রকাশিত প্রতিবেদন বিবেচনায় নিয়ে স্বতঃপ্রণোদিত রুল জারির পাশাপাশি অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন৷ এতে ওই ঘটনায় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কোনো গাফিলতি আছে কি না, এটিসহ পুরো ঘটনা তদন্তে জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে সাত সদস্যের কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়৷ র্যাবের সম্পৃক্ততা আছে কি না, এ বিষয়ে বিভাগীয় তদন্ত করতে র্যাবের মহাপরিচালককে নির্দেশ দেওয়া হয়৷ ওই ঘটনায় করা মামলা গোয়েন্দা বিভাগের (ডিবি) পাশাপাশি সিআইডিকে (অপরাধ তদন্ত বিভাগ) তদন্তের নির্দেশ দেওয়া হয়৷ ক্ষতিগ্রস্ত ও সাক্ষীদের নিরাপত্তা দিতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দেওয়া হয়৷ নির্দেশনা অনুসারে কার্যক্রম বিষয়ে অগ্রগতি প্রতিবেদন সাত দিনের মধ্যে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে আদালতে দাখিল করতে বলা হয়৷
সংশ্লিষ্ট সূত্র জানায়, আদালতের আদেশের পর জনপ্রশাসনসচিব, স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, পুলিশের মহাপরিদর্শক, র্যাবের মহাপরিচালক, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের পক্ষে প্রতিনিধিরা কার্যক্রম সম্পর্কে অগ্রগতি জানিয়ে গতকাল সংশ্লিষ্ট আইন কর্মকর্তার কাছে পৃথক প্রতিবেদন দাখিল করে৷ আদালতের নির্দেশ অনুসারে ওই ঘটনার সার্বিক তদন্তে গঠিত সাত সদস্যের কমিটির পক্ষ থেকে একটি প্রতিবেদনও জমা দেওয়া হয়৷
প্রতিবেদন জমা দেওয়ার পর তদন্ত কমিটির সদস্য ও আইন মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমান খান প্রথম আলোকে বলেন, প্রতিবেদন জমা দেওয়া হয়েছে৷ তদন্তের অগ্রগতি সন্তোষজনক৷ তদন্ত পূর্ণাঙ্গ করতে সময় প্রয়োজন৷ তাই চার সপ্তাহ সময় চাওয়া হয়েছে৷
গত ১১ মে হাইকোর্ট একটি রিট আবেদনের পরিপ্রেক্ষিতে রুল জারির পাশাপাশি অবসরে পাঠানো র্যাবের তিন কর্মকর্তাকে গ্রেপ্তার করতে পুলিশের মহাপরিদর্শককে নির্দেশ দিয়েছেন৷