গ্রেপ্তার নেই, আসতে পারে লাগাতার কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সিপিবি-বাসদের বিভাগীয় সমাবেশে হামলার পর এক সপ্তাহ পার হয়ে গেলেও ছাত্রলীগের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে গত বৃহস্পতিবার ‘সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ’ গঠন করা হয়েছে।
জানা গেছে, সিলেটের বাম প্রগতিশীল রাজনৈতিক, সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের নেতাদের সমন্বয়ে গঠিত ওই মঞ্চ ২৫ সেপ্টেম্বর নগরের কোর্ট পয়েন্টে প্রথম প্রতিবাদ সমাবেশ করবে। সমাবেশ থেকে হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের আওতায় না নেওয়া পর্যন্ত ধারাবাহিক আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।
১৫ সেপ্টেম্বর নগরের কোর্ট পয়েন্টে সিপিবি ও বাসদের সমাবেশে ছাত্রলীগের নেতা-কর্মীরা হামলা চালান। মঞ্চে উঠে তাঁরা সিপিবির কেন্দ্রীয় সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিমকে লাঞ্ছিত করেন। হামলা তিনিসহ ১৭ জন নেতা-কর্মী আহত হন। পরে ওই রাতেই কেন্দ্রীয় ছাত্রলীগ সিলেট জেলা ছাত্রলীগের কমিটি বাতিল করে। হামলার প্রতিবাদে পরদিন সিলেট নগরে আধা বেলা হরতাল পালন করে সিপিবি-বাসদ। এ ছাড়া সিলেট কোতোয়ালি থানার পুলিশ জেলা ছাত্রলীগের সভাপতি হিরন মাহমুদসহ অজ্ঞাতনামা ৬০ জনকে আসামি করে মামলা করে। সিপিবি-বাসদের পক্ষ থেকেও ১৮ জনের নাম উল্লেখ করে একটি পৃথক এজাহার থানায় দাখিল করা হয়।
সিপিবি ও বাসদ সূত্র জানায়, প্রায় এক সপ্তাহ পার হলেও হামলাকারী কেউ গ্রেপ্তার হয়নি। এ ছাড়া হিরন লন্ডন পাড়ি দিয়েছেন বলে সংবাদ প্রকাশের পর গত বৃহস্পতিবার রাতে নগরের বন্দরবাজারে বাম প্রগতিশীল সংগঠনগুলোকে নিয়ে মতবিনিময় সভা করে সিপিবি-বাসদ। সভায় সিলেটের বাম প্রগতিশীল রাজনৈতিক দল, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন ও প্রগতিশীল ব্যক্তিরা কোনো আসামি গ্রেপ্তার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন। এ সময় সিলেটের প্রবীণ বাম রাজনীতিবিদ মোহাম্মদ আরশ আলীকে আহ্বায়ক ও সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহিদুল ইসলামকে সদস্যসচিব করে ১০১ সদস্যের ‘সন্ত্রাস প্রতিরোধ মঞ্চ’ গঠন করা হয়।
সিপিবি সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, সন্ত্রাস দমন (দ্রুত বিচার) আইনের আওতায় অপরাধের সব উপাদান থাকা সত্ত্বেও পুলিশ আইনগত দিক দিয়ে দুর্বল একটি মামলা করেছে। সিপিবি-বাসদের পক্ষে দাখিল করা এজাহারটি মামলা হিসেবে না নিয়ে জিডি হিসেবে নিয়েছে। এই অবস্থায় আন্দোলন ছাড়া এ ধরনের ঘটনার প্রতিরোধ সম্ভব নয়। এ বিষয়ে সিলেট কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) নারায়ণ দত্ত বলেন, একই ঘটনায় দুটো মামলা হতে পারে না।