গ্রেপ্তার নেতা-কর্মীদের মুক্তি চান কাজী জাফর
জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান কাজী জাফর আহমদ দাবি করেছেন, ‘গণতন্ত্রের অভিযাত্রা’য় যোগ দিতে গিয়ে তাঁর দলের ৩৫ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন।তিনি তাঁদের মুক্তি দাবি করে আজ রোববার সংবাদমাধ্যমে বিবৃতি দিয়েছেন।
বিবৃতিতে কাজী জাফর বলেন, ‘একদিকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আহ্বানে “মার্চ ফর ডেমোক্রেসির” মতো শান্তিপূর্ণ কর্মসূচিতে যাতে জনগণ শরিক হতে না পারে তার জন্য অবরুদ্ধ করে দেওয়া হয়েছে রাজধানী ঢাকা শহরকে। প্রশাসন ৭১-এর হানাদার বাহিনীর মতো আচরণ করছে। গ্রেপ্তার করা হয়েছে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য মনিরা বেগম এবং কেন্দ্রীয় নেতা এস এম মিন্টুসহ প্রায় ৩৫ জন নেতা-কর্মীকে।’
জাফর দাবি করেন, প্রেসক্লাবে আয়োজিত জাতীয় পার্টির সংহতি সমাবেশে যাওয়ার পথে তাঁকেও গ্রেপ্তারের চেষ্টা হয়। তিনি অভিযোগ করেন, সুপ্রিম কোর্টের ভেতরে ঢুকে আইনজীবীদের ওপর অত্যাচার করা হয়েছে এবং তিনি এর তীব্র নিন্দা জানান।
কাজী জাফর প্রধানমন্ত্রীর পদত্যাগ ও তফসিল বাতিলের দাবি করেছেন। নইলে রাজনৈতিক অস্থিরতা ও গণ-আন্দোলন শহরে, নগরে এবং সমস্ত জনপদে ছড়িয়ে পড়বে বলে হুঁশিয়ার করেন তিনি।