গ্রেপ্তার পঙ্কজ পেলেন জামিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের মামলায় জামিন পেলেন ব্রোকারেজ অ্যালায়েন্স সিকিউরিটিজের চেয়ারম্যান পঙ্কজ রায়। আজ সোমবার ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার জামিনের আদেশ দেন। দুদকের আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর প্রথম আলোকে বলেন, আজ গ্রেপ্তার পঙ্কজ রায়ের জামিনের ব্যাপারে দুদকের পক্ষে তীব্র বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাঁর জামিন মঞ্জুর করেন। আদালত সূত্র বলছে, আসামিপক্ষ থেকে বলা হয়, আসামি পঙ্কজ রায় অসুস্থ। তিনি একজন বয়স্ক ব্যক্তি।

সোমবার সকালে আট কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে পঙ্কজ রায়কে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে দুদকের একটি দল।

দুদকের উপপরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য বলেন, পঙ্কজ রায়ের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে একটি মামলা ছিল। গতকাল রোববার রাত থেকে ধানমন্ডির ১৩ নম্বর সড়কে তাঁর বাড়ি ঘিরে রাখা হয়। বাড়ির ভেতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছিল। হুন্ডির মাধ্যমে আট কোটি টাকা অর্জনের অভিযোগে তাঁকে গ্রেপ্তার করা হয়। দুদকের উপসহকারী পরিচালক সিলভিয়া ফেরদৌসের নেতৃত্বে একটি দল আজ সকালে তাঁকে গ্রেপ্তার করে।