গ্রেপ্তার পাঁচ আসামির রিমান্ড শুনানি কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার থেকে প্রায় পৌনে তিন কোটি ভারতীয় রুপি জব্দের ঘটনায় করা মামলায় গ্রেপ্তার পাঁচ আসামির রিমান্ড শুনানি পিছিয়েছে। গতকাল রোববার চট্টগ্রাম মহানগর হাকিম নওরীন আক্তার কাঁকনের আদালতে শুনানির দিন ধার্য থাকলেও আদালত আগামীকাল মঙ্গলবার শুনানির পরবর্তী দিন ধার্য করেছেন।

চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (প্রসিকিউশন) নির্মলেন্দু বিকাশ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, আসামিপক্ষের আইনজীবীরা শুনানির জন্য সময়ের আবেদন করেন। পরে আদালত মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে মঙ্গলবার শুনানির দিন ধার্য করেন।

গত সোমবার বন্দর চত্বরে একটি কনটেইনার খুলে ২ কোটি ৭১ লাখ ৭৬ হাজার ৫০০ ভারতীয় রুপি জব্দ করেন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। ব্যক্তিগত ব্যবহারের জন্য দুবাই থেকে ১৬৫ কার্টন পণ্য আনেন চট্টগ্রামের হাটহাজারীর বাসিন্দা শাহেদুজ্জামান। এর মধ্যে চারটি কার্টন থেকে এসব ভারতীয় রুপি জব্দ করা হয়।

এ ঘটনায় শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের সহকারী রাজস্ব কর্মকর্তা বিধান কুমার সরকার বাদী হয়ে ছয়জনকে আসামি করে বন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেন। আসামিরা হলেন পণ্য খালাসকারী সিঅ্যান্ডএফ প্রতিষ্ঠান ফ্লাশ ট্রেড ইন্টারন্যাশনাল লিমিটেডের চেয়ারম্যান আবু শাহাদাৎ মোহাম্মদ সায়েম ওরফে শামীম, ব্যবস্থাপনা পরিচালক আসাদ উল্লাহ, ব্যবসায়িক অংশীদার আহাম্মদ উল্লাহ তালুকদার, মো. ছাবের এবং পণ্যের চালানের আমদানিকারক শাহেদুজ্জামান ও তাঁর ভাই তোহিদুল আলম। এর মধ্যে শাহেদুজ্জামানকে গ্রেপ্তার করা যায়নি।