সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন-অর-রশিদ হত্যা মামলায় গ্রেপ্তার দুই ছাত্রীসহ পাঁচজনকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল মঙ্গলবার মামলার তদন্ত কর্মকর্তা ও সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পাঁচজনকে সিলেটের মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করেন। আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।যাঁদের রিমান্ডে নেওয়া হয়েছে তাঁরা হলেন সিলেট সরকারি মহিলা কলেজের দর্শন বিভাগের দুই ছাত্রী, সুনামগঞ্জের ছাতক উপজেলার আলীগঞ্জ বাজারের বাসিন্দা রাসেল আহমদ (৩০), নগরের জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা আলীমুল ইসলাম (২৪) ও নগরের দরগা গেইট এলাকার হোটেল আজমিরের ব্যবস্থাপক মো. লোকমান মিয়া (২৫)। গতকাল থেকে এই পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে বলে জানিয়েছেন ওসি মোহাম্মদ আলী।পুলিশ ও আদালত সূত্র জানায়, গত রোববার রাতে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র্যাব-৯) শিক্ষক হারুনকে হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ওই পাঁচজনকে আটক করেন। সোমবার র্যাবের সংবাদ সম্মেলনে আটক রাসেল ও এক ছাত্রী শিক্ষক খুনে জড়িত থাকার কথা স্বীকার করেন। সোমবার রাতেই পাঁচজনকে সিলেট কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়। কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মামলার তদন্তের দায়িত্ব নেন। পুলিশ পাঁচজনকেই শিক্ষক হত্যা মামলায় গ্রেপ্তার দেখায়। গতকাল তাঁদের আদালতে হাজির করে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়।শিক্ষক খুনের মূল হোতা এক ছাত্রীর প্রেমিক কাওসার আহমদকেও (২৪) এই মামলায় আসামি করা হয়েছে। তবে গতকাল রাত আটটা পর্যন্ত পুলিশ ও র্যাব তাঁকে গ্রেপ্তার করতে পারেনি।