গ্রেপ্তার পাঁচজনকে জিজ্ঞাসাবাদ শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাসিম আহমেদ ওরফে সোহেল হত্যা মামলায় গ্রেপ্তার পাঁচজনকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার তাঁদের চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে নগরের চকবাজার থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়।
গত মঙ্গলবার প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে নিহত হন নাসিম আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের এমবিএর ছাত্র ও চট্টগ্রাম নগর ছাত্রলীগের সদস্য ছিলেন। ছাত্ররাজনীতিতে তিনি চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীনের অনুসারী হিসেবে পরিচিত ছিলেন।
ঘটনার পরদিন নাসিমের বাবা আবু তাহের ১৩ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতপরিচয় আরও ১৫-২০ জনকে আসামি করে হত্যা মামলা করেন। ঘটনার দিন পুলিশ নিহত নাসিমের পাঁচ সহপাঠীকে আটক করে। গত বুধবার আদালত তাঁদের তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজ আহমেদ প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আশরাফুল ইসলাম, তামিম উল আলম, ওয়াহিদুজ্জামান, জিয়াউল হায়দার চৌধুরী ও এস এম গোলাম মোস্তফাকে বৃহস্পতিবার দুপুর থেকে জিজ্ঞাসাবাদ শুরু করা হয়েছে। তাঁরা এখনো ঘটনার বিষয়ে মুখ খুলছেন না। তাঁদের মধ্যে তামিম ছাড়া বাকি চারজন ঘটনাস্থলে ছিলেন। তাঁরা নিহত নাসিমকে কিলঘুষি মেরেছেন, যা ভিডিও ফুটেজে দেখা গেছে।
নিহতের বাবা ও মামলার বাদী আবু তাহের গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, ছেলেকে তিনি আর ফিরে পাবেন না। কিন্তু যাতে আর কোনো মায়ের কোল খালি না হয়, সে জন্য তিনি খুনিদের শাস্তি চান। তিন দিন পেরিয়ে গেলেও প্রধান আসামি ইব্রাহীম সোহান ধরা না পড়ায় হতাশা ব্যক্ত করে তিনি বলেন, ‘খুনি তো দেশ ছেড়ে পালাতে পারেনি। তাকে কেন পুলিশ পাচ্ছে না?’
এ প্রসঙ্গে চকবাজার থানার ওসি আজিজ আহমেদ বলেন, সোহানকে গ্রেপ্তারে বিভিন্ন স্থানে অভিযান চলছে।