গ্রেপ্তার পাঁচজনের চারজনই জামিনে, দুজন পাকিস্তানি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোকেন পাচারের রুট হিসেবে আন্তর্জাতিক মাদক পাচারকারী চক্রগুলোর বাংলাদেশকে ব্যবহারের চেষ্টা এবারই প্রথম নয়। দুই বছর আগে যুক্তরাজ্যে পাঠানোর জন্য ঢাকায় আনা তিন কেজি কোকেনের একটি চালান ধরা পড়েছিল। তবে ওই ঘটনায় করা মামলায় গ্রেপ্তার হওয়া তিন বিদেশিসহ পাঁচ আসামির চারজনই জামিনে বেরিয়ে গেছেন। তাঁদের মধ্যে দুজন পাকিস্তানি।
গত ১৬ জুন ওই মামলায় ছয় আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। কারাগারে আটক আছেন ওই কোকেন বহনকারী পেরুর নাগরিক জাগাজিটা এল বারাতো হুয়ান পাবলো রাফায়েল। গত মাসে চট্টগ্রাম বন্দরে সূর্যমুখী তেলের সঙ্গে পাঠানো তরল কোকেনের গন্তব্যও অন্য দেশ ছিল বলে মনে করছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, কলম্বিয়া, বলিভিয়া, পেরুসহ দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ মূলত কোকেন উৎপাদন করে। কিন্তু এসব দেশ থেকে কোনো ব্যক্তি বা মালামাল ইউরোপ বা যুক্তরাষ্ট্রে গেলে বিমানবন্দরে ওই ব্যক্তির সঙ্গে ও মালামালে মাদক আছে কি না, তা নিবিড়ভাবে তল্লাশি ও পরীক্ষা করা হয়। ফলে বিমানবন্দর থেকে মাদক নিয়ে বের হওয়া খুব কঠিন। এ কারণে সন্দেহের বাইরে থাকতে মাদক চক্রগুলো প্রথমে চালান বাংলাদেশের মতো দক্ষিণ এশিয়ার বা মধ্যপ্রাচ্যের কোনো দেশে পাঠায়। এরপর সেখান থেকে ইউরোপ বা যুক্তরাষ্ট্রে পাঠায়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে পাওয়া কাগজপত্র ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে জানা যায়, ২০১৩ সালের ১১ এপ্রিল রাজধানীর কারওয়ান বাজারের হোটেল লা ভিঞ্চি থেকে পেরুর নাগরিক জাগাজিটা এল বারাতোকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাঁর লাগেজ থেকে তিন কেজি বিশুদ্ধ কোকেন উদ্ধার করা হয়। পাঁচ দিনের রিমান্ডে জিজ্ঞাসাবাদে জাগাজিটা জানান, পেরুর একটি চক্রের হয়ে তিনি কোকেনের চালানটি নিয়ে আসেন। তাঁর দায়িত্ব ছিল বাংলাদেশের একটি চক্রকে কোকেন বুঝিয়ে দেওয়া। সেই চক্রটি এই চালান যুক্তরাজ্যে পাঠাত। তিনি পেরুর লিমা আন্তর্জাতিক বিমানবন্দরের মাদক শনাক্তের জন্য রাখা কুকুরগুলোকে এড়াতে সড়কপথে পাশের দেশ ইকুয়েডরে যান। ইকুয়েডর থেকে উড়োজাহাজে প্রথমে ব্রাজিল এবং ব্রাজিল থেকে দুবাই হয়ে ঢাকায় আসেন। দুর্বল নিরাপত্তাব্যবস্থার পরিচিতি থাকায় তাঁরা ঢাকার বিমানবন্দর ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছিলেন। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এ মামলার তদন্তকারী কর্মকর্তা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক ওবায়দুল কবীর বলেন, জাগাজিটা জিজ্ঞাসাবাদে জানান, বাংলাদেশের একটি প্রতিষ্ঠানের আমন্ত্রণে তিনি ঢাকায় আসেন। তাঁর লাগেজে লুকানো একটি আমন্ত্রণপত্র উদ্ধার করা হয়। বনানী ডিওএইচএসের ক্রস ওশান প্রাইভেট লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান তাঁকে আমন্ত্রণপত্রটি পাঠিয়েছে। তবে আমন্ত্রণপত্রে যোগাযোগের জন্য কারও নাম নেই, শুধু একটি মুঠোফোন নম্বর দেওয়া ছিল। ওই মুঠোফোন নম্বরের সূত্র ধরে তানিয়া নামের এক তরুণীকে গ্রেপ্তার করা হয়। তানিয়ার তথ্যের ভিত্তিতে আরেক তরুণী সাদিয়াকে গ্রেপ্তার করা হয়।
ওবায়দুল কবীর বলেন, জিজ্ঞাসাবাদে সাদিয়া জানান, প্রতিষ্ঠানের মালিকের নির্দেশে তিনি জাগাজিটাকে আমন্ত্রণপত্র পাঠিয়েছিলেন। ওই দুই তরুণীর তথ্য অনুযায়ী ক্রস ওশান লিমিটেডের কর্মকর্তা মুস্তাফা আশরাফ নাসিম (২৭) ও সামছুল হক কোরেশীকে (৪২) গ্রেপ্তার করা হয়। এঁরা দুজনই পাকিস্তানি। মুস্তাফার বাবা মুহাম্মদ আশরাফ নাসিম ক্রস ওশানের মালিক, তাঁকে এখনো গ্রেপ্তার করা যায়নি। একই ঠিকানায় তাঁরা সিদ্দিক সন্স ডেনিম নামের আরেকটি প্রতিষ্ঠান চালাচ্ছিলেন। পোশাক রপ্তানির আড়ালে প্রতিষ্ঠানটি ইউরোপে মাদক পাচার করছিল। ক্রস ওশানের কার্যালয় থেকে ১২০ গ্রাম কোকা পাতার চূর্ণ ও ৫০০ গ্রাম সুডো ইফিড্রিন উদ্ধার করা হয়। কোকাগাছ হলো কোকেন তৈরির মূল উপাদান, সুডো ইফিড্রিন থেকে তৈরি হয় ইয়াবা।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, এ মামলার তদন্ত শেষে গ্রেপ্তার পাঁচজন ও মুহাম্মদ আশরাফের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। অভিযোগপত্র দেওয়ার কিছুদিন পর উচ্চ আদালত থেকে জামিন পেয়ে কারাগার থেকে বের হন ওই দুই তরুণী। এরপর জামিনে মুক্তি পান দুই পাকিস্তানি মুস্তাফা আশরাফ ও সামছুল হক। এক বছরেরও বেশি সময় আগে জামিনে মুক্তির পর আদালতে হাজিরা দেননি মুস্তাফা আশরাফ। সামছুল হক একবার হাজিরা দিয়েছেন। কিছুদিন ধরে তাঁরও খোঁজ মিলছে না।