
রংপুরের বদরগঞ্জ উপজেলায় শিশুদের সামনে তাদের বাবা আমজাদ হোসেনকে (৩৫) হাত-পা বেঁধে নির্যাতনের মামলার দুই আসামি গ্রেপ্তার হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই জামিনে মুক্তি পেয়েছেন।
দুই মেয়েশিশুর সামনে আমজাদকে নির্যাতনের ঘটনায় গতকাল শুক্রবার বিকেলে গ্রাম পুলিশের সদস্য আবদুল মান্নান ও আবদুর রহিমকে গ্রেপ্তার করে আদালতে পাঠায় বদরগঞ্জ থানা পুলিশ। একই দিন সন্ধ্যায় রংপুরের মুখ্য বিচারিক হাকিম তাঁদের জামিন দেন।
এদিকে নির্যাতনের ঘটনায় সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শহিদুল হকের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহারের দাবিতে আজ শনিবার বিকেলে স্থানীয় বৈরামপুরহাটে মিছিল করেছেন তাঁর সমর্থকেরা। গ্রেপ্তার এড়াতে ওই ইউপি চেয়ারম্যান এখন পলাতক।
ওই নির্যাতনের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্রে দেখা গেছে, শিশুসন্তানদের সামনেই বাবা আমজাদ হোসেন ও ছহিরুল হক নামে অপর এক ব্যক্তিকে বেঁধে মাটিতে ফেলে লাঠিপেটা করছেন গ্রাম পুলিশের দুই সদস্যসহ ইউপি চেয়ারম্যানের সাঙ্গপাঙ্গরা। এ নির্যাতনের ভিডিও ফুটেজসহ সচিত্র প্রতিবেদন প্রথম আলো ডটকমে প্রচারিত হলে পাঠকেরা তীব্র প্রতিক্রিয়া জানান।
গতকাল দুটি টেলিভিশন চ্যানেলেও ওই ঘটনার বিস্তারিত প্রতিবেদন প্রচারিত হলে তোলপাড় শুরু হয়।
নির্যাতনের ঘটনায় আমজাদের বাবা আবদুল গফুর বাদী হয়ে গত বৃহস্পতিবার (১৭ অক্টোবর) বদরগঞ্জ থানায় মামলা দায়ের করেন। মামলায় আসামি করা হয় স্থানীয় কালুপাড়া ইউনিয়নের চেয়ারম্যান শহিদুল হক, গ্রাম পুলিশের সদস্য আবদুর রহিম, আবদুল মান্নান, শাফি মিয়া, মোশারফ হোসেনসহ ১২ জনকে।
আবদুল গফুর অভিযোগ করেন, গত বৃহস্পতিবার থানায় ওই নির্যাতনের ঘটনায় মামলা দায়ের করা হলেও পুলিশ আসামিদের বিরুদ্ধে তাত্ক্ষণিক কোনো ব্যবস্থা নেয়নি। পরদিন বিভিন্ন টেলিভিশন চ্যানেলে নির্যাতনের প্রতিবেদন প্রচারিত হলে দুপুরের পর পুলিশ আসামিদের ধরতে মাঠে নামে। বিষয়টি আঁচ করতে পেরে অভিযুক্ত ইউপি চেয়ারম্যান তখনই গা ঢাকা দেন।
এর আগে ওই চেয়ারম্যান বদরগঞ্জ শহরেই ঘুরে বেড়িয়েছেন বলে প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন।
এদিকে বাবা আমজাদ হোসেনকে হাত-পা বেঁধে চোখের সামনে লাঠিপেটা করতে দেখে তাঁর দুই শিশুসন্তান আফরিন আখতার ও আঁঁখি আখতার এখনো সুস্থ হয়ে ওঠেনি। তাদের মন থেকে ভয়-আতঙ্ক কাটছে না।
উপজেলার বৈরামপুর গফুরেরপাড়া গ্রামের আমজাদ হোসেন কোরবানির জন্য স্থানীয় কাঁচাবাড়ি মৌলভীপাড়া গ্রামের ছহিরুল ইসলামের কাছ থেকে গত শনিবার (১২ অক্টোবর) ১১ হাজার টাকায় একটি গরু কেনেন। পরদিন ইউপি চেয়ারম্যান শহিদুল হক মানিকের নির্দেশে গ্রাম পুলিশের সদস্যরা গরু কেনার বৈধ কাগজপত্র (হাসিল) না পেয়ে আমজাদ হোসেন ও গরু বিক্রেতা ছহিরুল ইসলামকে আটক করেন। এরপর ওই দুজনকে চেয়ারম্যান ও গ্রাম পুলিশের সদস্যরা কোমরে দড়ি বেঁধে পেটাতে পেটাতে এলাকায় নিয়ে ঘুরে বেড়ান। পরে তাঁদের স্থানীয় বৈরামপুর উচ্চবিদ্যালয় মাঠে নিয়ে পেটানো হয়।
স্থানীয়দের অভিযোগ, নির্বাচনে চেয়ারম্যানের পক্ষে কাজ না করায় আমজাদের ওপর নির্যাতন করা হয়।