শিশু নেহা অপহরণের ঘটনায় গ্রেপ্তার সাত অপহরণকারীকে গতকাল মঙ্গলবার এক দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। মহানগর পুলিশের উপকমিশনার মো. রুহুল আমিন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার করা অপহরণকারীদের প্রত্যেককে পাঁচ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়েছে। শুনানি শেষে আদালত প্রত্যেকের এক দিনের রিমান্ড মঞ্জুর করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা রমনা থানার উপপরিদর্শক (এসআই) এমরান হোসেন প্রথম আলোকে জানান, শিশু নেহাকে অপহরণের সঙ্গে আরও তিন-চারজন যুক্ত রয়েছে বলে প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে। তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য পেতে সাতজনকে রিমান্ডে আনা হয়েছে। তদন্ত কর্মকর্তা জানান, গ্রেপ্তার হওয়া সবাই অপহরণে জড়িত থাকার কথা স্বীকার করলেও পরস্পরকে দুষছেন। এসব বিষয়ে পরিষ্কার হওয়ার জন্য তাঁদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। রমনা থানা সূত্র জানায়, গত সোমবার রাতে র্যাব-৩-এর সদস্যরা অপহরণের ঘটনায় গ্রেপ্তার করা ব্যক্তিদের রমনা থানায় সোপর্দ করে। উদ্ধার হওয়া শিশুটির মা সেলিনা আক্তার বাদী হয়ে সাত অপহরণকারীকে আসামি করে মামলা করেন। পরে পুলিশ ওই মামলায় সাতজনকে গ্রেপ্তার দেখায়। গত শুক্রবার বড় মগবাজারের সামনে তিন বছরের শিশু নেহা আক্তারকে তার মামাতো ভাই অপহরণ করে পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন।